ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব, জিতল বাংলাদেশ

টানা নয় ম্যাচ হেরে যাওয়ার একটা নেতিবাচক প্রভাব তো থাকবেই। ঘর পুড়লে সিঁদুরে মেঘও তো ভয়ের কারণ হয়। এ কারণেই হয়তো আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটায় বাংলাদেশ সাহসী হয়ে উঠতে পারেনি। জয়টাও এসেছিল ঘাম ঝরিয়ে। কিন্তু আজ ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এল বাংলাদেশ। ফতুল্লায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারাল ৪৪ রানের বড় ব্যবধানে।
সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ঝোড়ো দুটো ফিফটিতে ৩ উইকেটে ১৭৯ রান তুলেছিল বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৫ রান তুলতেই ফুরিয়ে যায় আইরিশদের ২০ ওভার। ব্যাট হাতে ফিফটির পর ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে সাকিবই জয়ের নায়ক। দুই উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজাও। এর মধ্যে আছে ৪৪ রানে উইলিয়াম পোর্টারফিল্ডকে তুলে নেওয়া গুরুত্বপূর্ণ উইকেটটিও।
চোট সেরে দলে ফিরে গত ম্যাচেই ৪৩ করেছিলেন তামিম ইকবাল। তামিম ছন্দ ধরে রেখে আজ ২৯ বলে দুটি চার ও এক ছক্কায় ৩২ রান করেছেন। তবে এশিয়া কাপে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করা এনামুল হক টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেন। আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে সাজঘরে ফিরেছিলেন রানের খাতা না খুলেই। আজ এনামুলের ব্যাট থেকে এসেছে মাত্র তিন রান। ৯ রানের মাথায় প্রথম উইকেটটিও হারিয়েছিল বাংলাদেশ।
তবে এরপর মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে এই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া সাব্বির রহমান তামিমকে দারুণ সঙ্গ দেন। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৪৮ রান। ওভারে সাড়ে ৭ করেও রান তুলে দেয় এই জুটি। তবে পর পর দুই ওভারে (দশম ও একাদশ) তামিম-সাব্বির দুজনে ফিরে আসেন। অ্যান্ডি ম্যাকব্রায়ানের বলে বোল্ড হওয়ার আগে সাব্বির এক চার ও এক ছক্কায় ২৩ বলে ঠিক ২৩ রানই করেন।
এর পরই চতুর্থ উইকেট জুটিতে ওভারে প্রায় ১২ করে তুলে ১১৬ রান যোগ করেন সাকিব-মুশফিক। ৩০ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। ৭টি চার ও একটি ছক্কায় ৩২ বলে অপরাজিত ৫৮ রান করেন সাকিব।
আগের ম্যাচে নেপালের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল আইরিশরা। এই আইরিশরাই বেশ কবারই বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েও দিয়েছিল তারা। কিন্তু আজ শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিণ বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে। একদিকে উইকেট হারাতে থাকে, অন্য দিকে বাড়তে থাকে আস্কিং রান রেট। ইনিংসের মাঝপথে ১০ ওভারে ৪ উইকেটে মাত্র ৫৯ রান তুলতে পারে আয়ারল্যান্ড। চারটি উইকেটই ভাগাভাগি করে নিয়েছিলেন সোহাগ গাজী, মাশরাফি, সাকিব ও আবদুর রাজ্জাক।
পোর্টারফিল্ড আর স্টুয়ার্ট টমসন (৩৫) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি বাংলাদেশের বোলিংয়ের সামনে। ইনিংসের দ্বিতীয়ার্ধে নিজেদের দ্বিতীয় শিকারটি তুলে নেন মাশরাফি ও সাকিব। মাশরাফি ফেরান গলার কাঁটা হয়ে থাকা পোর্টারফিল্ডকে, সাকিব ফেরান বহুবার বাংলাদেশকে যন্ত্রণা উপহার দেওয়া কেভিন ও’ব্রায়ানকে। আইরিশদের বাকি দুটো উইকেট ভাগাভাগি করেছেন আল আমিন ও মাহমুদউল্লাহ।
১৬ মার্চ আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে এমন একটা জয় ভীষণই দরকার ছিল বাংলাদেশের।