সাকিব যাচ্ছেন আজ, তামিম কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান চলে যাবেন আজই। তবে পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে খেলতে তামিম ইকবাল ভারতে যাচ্ছেন আগামীকাল। আজ ভিসাপ্রক্রিয়া শেষ হয়ে গেলে কাল সকালে মুম্বাইয়ের বিমান ধরবেন, তামিমই জানিয়েছেন সেটা।সাকিবের ভিসাপ্রক্রিয়া শেষ আগেই। আজ দুপুরের পর তাঁর ধরার কথা কলকাতার বিমান। এবারের আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে আগামী ৫ এপ্রিল। ইডেন গার্ডেনসে অনুষ্ঠেয় ম্যাচে প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এর পরদিনই মাঠে নামবে তামিম ইকবালের পুনে ওয়ারিয়র্স। আইপিএল শুরু হচ্ছে ৪ এপ্রিল।তামিম এবারই প্রথম খেলবেন আইপিএলে। বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি এই ওপেনার নিজের প্রথম আইপিএল আসরেই হতে চান দেশের ক্রিকেটের বিজ্ঞাপন, ‘সাকিব ভালো খেলায় যেমন আমার জন্য দরজা খুলেছে, আমিও ভালো খেলে ভবিষ্যতে অন্য বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএলের রাস্তা প্রশস্ত করতে চাই।’বাংলাদেশের ক্রিকেটকে বিজ্ঞাপিত করার কাজ সাকিব করে রেখেছেন আগেই। ব্যাট হাতে সাফল্য না পেলেও (৭ ম্যাচে ২৯ রান) গত বছর বল হাতে নিয়েছেন ১১ উইকেট। আইপিএলে নিজের দ্বিতীয় আসরে আরও ভালো কিছু করার আশা নিয়ে যাচ্ছেন টেস্ট ও ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার।