সাকিব সবার চেয়ে দামি
আইকন খেলোয়াড় ছিলেন বলে আগেরবার নিলামে ওঠেননি। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে বসে নিলাম অনুষ্ঠানে সাহায্য করেছেন খেলোয়াড় কেনায়। সেই সাকিব আল হাসান এবার নিজেই নিলাম তালিকায় এবং তাতে তাঁর দামটা অনেক বেড়েও গেল। আগেরবার আইকন হয়েও সাকিবের মূল্য দাঁড়িয়েছিল অন্য আইকনদের মতোই দুই লাখ ১০ হাজার ডলার, এবার নিলামে মূল্য উঠল তিন লাখ ৬৫ হাজার ডলার।শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, ডোয়াইন ব্রাভোরা থাকলেও কাগজে-কলমে দেশি-বিদেশি সব ক্রিকেটার মিলেই সর্বোচ্চ দাম উঠেছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের সাকিবের। গতবার সর্বোচ্চ সাত লাখ ডলার দাম ওঠা শহীদ আফ্রিদিকে এবার দুই লাখ ৭৫ হাজার ডলারে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। গতবার দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ লাখ ৫১ হাজার ডলার পাওয়া ক্রিস গেইলের নাম এবার নিলাম তালিকায়ই ছিল না। সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পাকিস্তানের ইমরান নাজিরের। দুই লাখ ৮০ হাজার ডলারে তাঁকে কিনেছে চিটাগাং কিংস।দেশি-বিদেশি সব খেলোয়াড়ের ক্ষেত্রেই মূল্যসীমা বেঁধে দেওয়া হয়েছে এবার। বিদেশি ‘গোল্ডেন শ্রেণী’র ক্ষেত্রে সেটা ছিল ৭৫ হাজার মার্কিন ডলার থেকে সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত। দেশি গোল্ডেনদের ক্ষেত্রে ৪৫ থেকে ৭০ হাজার ডলার। সাকিব এই সীমা ছাড়িয়ে চলে গেছেন অনেক দূর। প্রথম নিলামে সাকিবকে পেতে সাত ফ্র্যাঞ্চাইজিই লড়াই করেছে। মুহূর্তের মধ্যেই সর্বোচ্চ দাম ৭০ হাজার স্পর্শ করে ফ্র্যাঞ্চাইজিদের ডাক। এরপর টাইব্রেকারে নির্ধারিত হয় কে পাবে সাকিবকে। তাতে সিলেট রয়্যালস ছাড়া অংশ নেয় বাকি ছয় ফ্র্যাঞ্চাইজিই। খামের ভেতর গোপন স্লিপে প্রস্তাবিত মূল্য লিখে জমা দেওয়া হয় নিলাম কমিশনারের কাছে। তাতে তিন লাখ ৬৫ হাজার ডলার দাম দিয়ে সাকিবকে কিনে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস।দ্বিতীয় সর্বোচ্চ দুই লাখ ১৩ হাজার ডলার দাম লিখেছিল দুরন্ত রাজশাহী। এ ছাড়া চিটাগাং কিংস এক লাখ ৭৫ হাজার, নবাগত রংপুর রাইডার্স এক লাখ ৬০ হাজার, বরিশাল বার্নার্স এক লাখ দুই হাজার ও সাকিবের সাবেক ফ্র্যাঞ্চাইজি খুলনা রয়েল বেঙ্গলস ৯০ হাজার ডলার দাম হাঁকিয়েছিল। নিলামের মাঝে তো সাকিবকে না পেয়ে আফসোসও করলেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী, ‘যেভাবেই হোক আমরা সাকিবকে পেতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পেলাম না।’শুধু চিটাগাং কিংস নয়, ঢাকা গ্ল্যাডিয়েটরস ছাড়া এই দীর্ঘনিঃশ্বাস এবারের বিপিএলে আর সব ফ্র্যাঞ্চাইজিরই সঙ্গী।