সাকিব সাকিব আর সাকিব
সবকিছু গোপন করা যায়। একটা জিনিস বোধ হয় যায় না। ‘অতিগোপনীয়’ সিলমারা খাম থেকেও সেটা আপনা-আপনি বেরিয়ে আসে। না হলে তিনি অনুষ্ঠানস্থলে আসতেই কেন ক্যামেরা ক্রুদের এমন হুড়োহুড়ি? প্রতিক্রিয়া জানতে মাইক্রোফোন সামনে এগিয়ে দেওয়া!সাকিব আল হাসানের বর্তমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমনই এক খোলা বই। খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আর মঞ্চে উঠবেন না সাকিব, সেটা অকল্পনীয়। সাকিব পুরস্কার পাচ্ছেন—এটা জেনেই যেন অনুষ্ঠানে আসে সবাই।কাল গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কারের পুরোটা জুড়েই থাকলেন সাকিব আল হাসান। সাকিব অনুষ্ঠানে আসার আগে তাঁর জন্য অপেক্ষা। আসার পর ক্যামেরার লেন্স তাঁকেই খোঁজে। ছবি তোলার জন্য তাঁর পাশেই দাঁড়িয়ে পড়ে ভক্তরা। অটোগ্রাফশিকারির দল তাঁর দিকেই বাড়িয়ে দেয় কাগজ-কলম। মঞ্চ থেকে পুরস্কারের জন্য সবচেয়ে বেশিবার ডাক পড়ে তাঁরই।তিনটি বর্ষসেরা একসঙ্গে দেওয়া হলো এবার, যার দুটিই সাকিবের হাতে। জুরিদের নির্বাচনে ২০০৯ আর ২০১১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ। সেরা প্রথম আলোর পাঠকদের ভোটেও। ৬৩ হাজার ভোটের প্রায় ৭০ শতাংশই পড়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যালটে। গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে পাঠকদের ভোটে বর্ষসেরা এবারের নতুন সংযোজন।জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের হাত থেকে ২০০৯ সালের বর্ষসেরার পুরস্কার নেন সাকিব। উপস্থাপক হাবিবুল বাশার রসিকতা করে জিজ্ঞেস করলেন, ‘এর পর কী?’ সাকিবও কম যান না, ‘এখনো আরও দুটি বর্ষসেরা দেওয়া হবে। দেখা যাক পাই কি না।’ পাদটীকা হিসেবে হাসতে হাসতেই একটা বাড়তি তথ্য দিলেন, ‘ঢাকার বাসার শোকেসটা এখনো ফাঁকা...।’ সেই ফাঁকা শোকেসে কাল একসঙ্গে উঠে গেল তিনটি পুরস্কার।লিওনেল মেসি টানা তিনবার ফিফার বর্ষসেরা হয়েছেন। প্রিয় আর্জেন্টাইন ফুটবল তারকার মতো টানা তিনবার গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা না হতে পারার দুঃখ আছে সাকিবের। গত চার বছরের মধ্যে তিনবারই বর্ষসেরা হলেও হ্যাটট্রিক তিনবার তো নয়! সর্বশেষ ২০০৮ সালে হয়েছেন। এবার ২০০৯ আর ২০১১ সালের পুরস্কার নিলেও ২০১০ সালের বর্ষসেরা হলেন গলফার সিদ্দিকুর রহমান। তার পরও এসব পুরস্কারের মানেটা অন্য রকম সাকিবের কাছে, ‘এই পুরস্কার আমার ধারাবাহিকভাবে ভালো খেলার কথা বলছে। সেজন্যই বেশি ভালো লাগছে। চেষ্টা করব এই ধারাবাহিকতা আরও ভালোভাবে ধরে রাখতে।’ ২০১০ সালে নিজে বর্ষসেরা হতে না পারায় যতটা দুঃখ, তার চেয়ে বেশি দুঃখ পুরস্কারটা তামিম ইকবালের হাতেও না ওঠায়। ‘২০১০ সালেরটা না পাওয়ায় একটু খারাপ লাগছে। তবে বেশি খারাপ লাগছে ওর জন্য। আশা করেছিলাম ও পাবে’—বাসায় ফেরার গাড়িতে উঠতে উঠতে পাশের সিটে বসা বন্ধু-সতীর্থ তামিমকে দেখিয়ে বললেন সাকিব।২০১০ সালের বর্ষসেরা ঘোষণার আগে উপস্থাপকেরা দর্শকদের কাছে জানতে চাইলেন, ‘কে হবে এবারের বর্ষসেরা?’ সাকিব পুরস্কারটা না পেলেও কোরাসে ধ্বনিত হলো তাঁর নামই। ভক্ত-সমর্থকেরা সাকিবের প্রতি ভালোবাসা জানিয়েছেন মুঠোফোন বার্তায় দেওয়া বর্ষসেরার ভোটেও। সাকিবের কাছে এই পুরস্কারের মর্যাদা একটু অন্য রকম, ‘এটা পুরোই সমর্থকদের ভোটে পাওয়া পুরস্কার। আমি চাই তারা আমাকে এভাবেই সমর্থন করে যাক। দর্শকদের ভালোবাসা পেতে হলেও আমাকে ভালো খেলতে হবে।’গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কার তাহলে একটা অনুপ্রেরণার নামও!