সাকিবই পেলেন একমাত্র উইকেটটি
আইপিএলের গুরুত্বপূর্ণ খেলায় আজ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একমাত্র সফলতা শচীন টেন্ডুলকারের উইকেটটি। তৃতীয় ওভারে টেন্ডুলকার মাত্র ২ রানে সাজঘরে ফেরার পর মুম্বাইয়ের আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি কলকাতা। আর এই একমাত্র উইকেটটি পেয়েছেন কয়েক দিন বিরতির পর মাঠে নামা সাকিব আল হাসান। রোহিত শর্মার ৬০ বলে ১০৯ ও গিবসের ৬৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ওই একটি উইকেট হারিয়েই স্কোর বোর্ডে ১৮২ রান যোগ করে মুম্বাই ইন্ডিয়ানস। ম্যাচটিও তারা শেষ পর্যন্ত জিতে নেয় ২৭ রানে। বল হাতে দলকে একমাত্র সফলতাটি এনে দেওয়ার পর ব্যাট হাতে আর মাঠে নামার সুযোগ পাননি সাকিব।তবে বল হাতে বিশ্বসেরা অলরাউন্ডারের সার্থকতাটা সাকিব প্রমাণ করেছেন ভালোভাবেই। আজকের ম্যাচে তিনিই ছিলেন কলকাতার সফলতম বোলার। চার ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ইনিংসের একমাত্র উইকেটটি নিয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। তৃতীয় ওভারেই তাঁর বাঁহাতি ঘূর্ণিতে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন শচীন টেন্ডুলকার। তবে এরপর বাকিটা সময় শুধু হতাশাতেই ডুবতে হয়েছে কলকাতার বোলারদের। দ্বিতীয় উইকেটে ১৮০ রানের অসাধারণ জুটি গড়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রোহিত শর্মা ও হার্শেল গিবস।