সাকিবই সেই ‘সুপার হিরো’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুপার হিরো’দের নাকি দেখা মেলে কেবল বইয়ের পাতায় আর রুপালি পর্দায়। কে বলল? বাংলাদেশের ক্রিকেটে একজন সুপার হিরো তো বাস্তব রূপ নিয়েই এসেছেন। দলের সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সেরা ফিল্ডার—সবই তিনি! ও হ্যাঁ, দলের অধিনায়কও তিনি। একজন ক্রিকেটারের পক্ষে যা যা করা সম্ভব, সবকিছু করেন তিনি এবং সবকিছুতেই দলের আর সবার চেয়ে তিনিই এগিয়ে। সাকিব আল হাসান সুপার হিরো নন তো কী!পূর্ণশক্তির কোনো টেস্ট দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ে ব্যক্তিগত সব পুরস্কারই সাকিবের, এটা তাই অবাক করছে না মোটেও। সিরিজের সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার নিতে যখন বারবার এগিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল এসব তো তাঁরই পাওয়ার কথা। এক সিরিজে কমপক্ষে ২০০ রান ও ১০ উইকেট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের ছোট্ট একটা তালিকায় ঢোকার কথা জেনে মনে হচ্ছে, এ তো ইতিহাসের কেবল শুরু। আরও অনেকবারই তালিকায় উঠবে তাঁর নাম। সাকিবময় ওয়ানডে সিরিজটা শুধু সাকিবের শ্রেষ্ঠত্ব আরেকবার প্রমাণই করল না, আরেকটা ইঙ্গিতও যেন দিয়ে গেল। ছোট থেকে বড় হওয়া সব ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ইতিহাস বলছে, একজন-দুজন মহানায়কের হাত ধরে অন্য স্তরে পৌঁছে গেছে সেই দেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের সেই মহানায়ক কি হতে যাচ্ছেন সাকিব? পারবেন কি না সময়ই বলবে, তবে পারফরম্যান্সে ইঙ্গিতটা কিন্তু পরিষ্কার। পরিষ্কার তাঁর পরিণত মানসিকতাতেও। অনেকের অবশ্য ধারণা, এই মানসিকতার জন্যই তাঁর এমন পারফরম্যান্স। এই ২৩ বছর বয়সেও এত চাপ সামলাতে হয়, অথচ চাপটাকে পাত্তা দিতে চান না, ‘চাপ ভাবলেই চাপ, না ভাবলে কিছুই না।’ বলা সহজ, কিন্তু করা যে কতটা কঠিন, এটা সবারই জানা। তবে সাকিব যে কঠিন এই কাজটা খুব সহজেই পারেন, এর প্রমাণ তো দিনের পর দিন দিয়েই যাচ্ছেন। উত্তরটা জানা, তবু প্রশ্নটা উঠল কালও। এবং উত্তরেও কোনো হেরফের হলো না, ‘হ্যাঁ, অধিনায়ক হওয়ার পর থেকে যেকোনো কারণেই হোক, আমার রেকর্ডটা একটু ভালো। আমি জানি না কী কারণ। তবে আমি যখন ব্যাটিং করি, তখন কিন্তু মনে হয় না যে, আমি অধিনায়ক, আমার ওপরে অনেক দায়িত্ব। আমি শুধু আমার ব্যাটিংটাই করি। বোলিংয়ের সময় আমার হাতে হয়তো ছয়-সাতটি অপশন থাকে। যদি মনে হয়, আমি বোলিং করলে ভালো হবে, তাই করি। আসলে অধিনায়কত্বের কারণে ব্যাটিং কিংবা বোলিংয়ের সময় আমি বাড়তি কিছু চিন্তা করি না।’ প্রশ্ন হতে পারে উত্তর জানা থাকার পরও কেন একই প্রশ্ন বারবার হয়। কারণ বাংলাদেশের কারও মুখ থেকে এমন শুনতেও তো ভালো লাগে!সিরিজে একটি করে ম্যাচ জিতছেন আর বলেছেন ‘আরও উন্নতির জায়গা আছে।’ কাল হোয়াইটওয়াশ করার পরও সেই একই কথা, ‘সত্যি বললে, পুরো সিরিজে আমরা সেরা ব্যাটিং করিনি। হয়তো সেরা বোলিং করেছি, সেরা ফিল্ডিং করেছি। ব্যাটিংয়ে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য থাকে, প্রতি ম্যাচেই টপ-অর্ডারের চারজনের কেউ বড় স্কোর করবে। এই জায়গায় অনেক উন্নতির জায়গা আছে। হয়তো তামিম থাকলে বিষয়টি অন্যরকম হতো। আমাদের মিডল-অর্ডার বেশ কিছু সিরিজ রান করতে পারছিল না। এই সিরিজে আমি রান করেছি, হয়তো আরও দু-তিনজনের করা দরকার। এই সিরিজের কথা চিন্তা করলে টপ-অর্ডারের রান না পাওয়াটা দুশ্চিন্তার ব্যাপার।’ বাংলাদেশের কোনো অধিনায়ক এমনটা বলছেন, কেমন যেন বিশ্বাস হতে চায় না। ওই যে সাকিবের মানসিকতাটাই এমন। এই সুপার হিরোর হাত ধরে অন্য স্তরে পৌঁছে যাবে বাংলাদেশের ক্রিকেট, এই বিশ্বাস করতে তাই ভয় হয় না।