সাকিবকে কাছে পেয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে মাইক হাতে নিলেন সাকিব আল হাসান
চট্টগ্রামের তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে মাইক হাতে নিলেন সাকিব আল হাসান

হাবিবুর রহমান নিজেকে খুবই ভাগ্যবান ভাবছে। বাড়ির কাছে স্টেডিয়ামে বৈকালিক ভ্রমণে এসে রথ দেখা ও কলা বেচার মতো দেখা পেয়ে গেল সাকিব আল হাসানের। ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাবিবের উচ্ছ্বাসটা ফুটে বেরোল চোখেমুখে, ‘আমি জানতাম না সাকিব আসবেন। আসকারদিঘির পাড় থেকে ঘুরতে ঘুরতে এলাম, দেখে ঢুকে পড়লাম। এত কাছ থেকে সাকিবকে দেখিনি আগে।’
হাবিব না জানলেও এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে আগে থেকে ভিড় করা শিশু-কিশোরের দল জানত, সাকিব আসবেন। তারা সাকিবের কাছ থেকে কিছু টিপস নেবে। টিপসের চেয়েও যেন বড় বিষয় বিশ্ব কাঁপানো এই অলরাউন্ডারকে কাছ থেকে দেখা। এই আশায় গতকাল  বৃষ্টিস্নাত বিকেলে তাদের স্টেডিয়ামে আসা। সাকিবের সঙ্গে তারা দেখা পেয়েছে সদ্য বিসিবির পরিচালক হওয়া সাবেক অধিনায়ক আকরাম খানকেও। ছোটখাটো আনুষ্ঠানিকতা সেরে সাকিবকে ঘিরে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটারদের নানা জিজ্ঞাসা।
ফয়সাল নামে একজন বলল, ‘ভাই, ভালো ক্রিকেটার হতে হলে কী করতে হবে?’ সাকিবের জবাব, ‘সাহস লাগবে। পরিশ্রম করতে হবে। মাঠ ও মাঠের বাইরে নিয়মানুবর্তী হতে হবে। পাশাপাশি পড়ালেখা চালিয়ে যেতে হবে।’
খেলার সময় নার্ভাস লাগে কেন, ম্যাচের আগের রাতে কীভাবে চিন্তামুক্ত থাকব, কীভাবে আরও ভালো করা যাবে ইত্যাদি নানা প্রশ্ন দিদার, আকাশ, আহমেদুর রহমানদের। একজনের প্রশ্ন, সেরা বোলার হতে হলে কী করতে হবে। ‘সাকিব ভাইয়া ও তামিম ভাইয়াকে বল করার সাহস রাখতে হবে’—সাকিবের ঝটপট উত্তর।

বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গে এই প্রশ্নোত্তর পর্বের আয়োজক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। মঞ্চে ছিলেন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাসও।

প্রিয় তারকাকে হাতের নাগালে পেয়ে ক্রিকেটাররাও হয়ে গেল ভক্ত ষ প্রথম আলো
প্রিয় তারকাকে হাতের নাগালে পেয়ে ক্রিকেটাররাও হয়ে গেল ভক্ত ষ প্রথম আলো

তাঁদের উদ্দেশে সাকিব বললেন, ‘বয়সভিত্তিক আয়োজন বাড়াতে হবে। তাহলে ক্রিকেটার বের হয়ে আসবে।’
ততক্ষণে মঞ্চের সামনে ভিড় লেগে গেছে। চেয়ার ছেড়ে সামনে এসেছে সবাই। সবার মুঠোফোনের ক্যামেরার একই লক্ষ্যবস্তু—সাকিব। কাগজ-কলম নিয়েও প্রস্তুত অনেকে। যদি একটি অটোগ্রাফ মেলে।
মঞ্চ থেকে নামার সময় ঘিরে ধরল সবাই। ভিড় ঠেলে কোনোমতে গাড়িতে উঠে পড়লেন সাকিব। তার পরও পিছু ছাড়ল না অনেকে। সাকিবকে কাছে পাওয়ার রোমাঞ্চের মধ্যেও অনেকের মনেই থেকে গেল অটোগ্রাফ না পাওয়া কিংবা ছবি তুলতে না পারার দুঃখ।