সাকিবকে ছাড়াই খেলতে হবে মুশফিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ যে সাকিব আল হাসানকে মাঠের বাইরে কাটাতে হবে সেটা আগেই জানা গিয়েছিল। সংশয় ছিল যে, ঢাকায় অনুষ্ঠিত সিরিজের বাকি তিনটি ম্যাচেও তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে। অবশেষে সেই আশঙ্কাটাই সত্যি হয়েছে। আজ বাংলাদেশ সমর্থকদের সেই দুঃসংবাদ শুনিয়েছেন বিসিবির প্রধান চিকিত্সা কর্মকর্তা। পায়ের ইনজুরির কারণে কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ মাঠে নামতে পারবেন না সাকিব। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজটাই দলের অন্যতম প্রধান ভরসা সাকিবকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।খুলনা টেস্টে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। প্রাথমিকভাবে তাঁকে ছাড়াই ওয়ানডে সিরিজের প্রথম দুইটি ম্যাচ খেলার প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ঢাকায় দ্বিতীয় আরেকটি স্ক্যান করার পর দেখা গেছে, সাকিবের চোটটা গুরুতর। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পরবর্তী ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিত্সা কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘প্রাথমিকভাবে দেখা গিয়েছিল যে সাকিব তাঁর ডান পায়ে চোট পেয়েছেন। কিন্তু দ্বিতীয় স্ক্যানটা করার পর আমরা তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি। এখন আগামী ছয় সপ্তাহ তাঁকে কোনো রকমের দৌড়াদৌড়ি করা থেকে বিরত থাকতে হবে। আশা করছি, এই সময়ের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলতে না পারায় সাকিবকে হয়তো আবার মাঠে দেখা যাবে সামনের বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সাকিবকে ছাড়াই গতকাল খুলনায় প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ।—ক্রিকইনফো