সাকিবকে ছাড়াই জিতল কলকাতা

ভালো খেলেও দলে কেন নিয়মিত জায়গা পাচ্ছেন না সাকিব আল হাসান, সে এক প্রশ্ন বটে। আজ সাকিবের অনুপস্থিতেই এবার আইপিএলে দুর্দান্ত খেলা পাঞ্জাবের বিপক্ষে বড় জয় পেল কলকাতা। পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়েছে গৌতম গম্ভীরের দল।
পাঞ্জাবের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে হেসে-খেলেই জয়ের দেখা পায় কলকাতা। রবিন উথাপ্পা ও গম্ভীরের উদ্বোধনী জুটি ৪২ বলে তোলে ৬৮। ৪৬ রানে উথাপ্পা ফিরলেও কোনো সমস্যা হয়নি কলকাতার। গম্ভীর-মনিশ পাণ্ডের অবিচ্ছিন্ন ৮২ রানের জুটি অনায়াসে জয় এনে দেয় কলকাতাকে। গম্ভীর অপরাজিত ছিলেন ৪৫ বলে ৬৩ করে। ম্যাচ-সেরাও তিনি।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৪৯ তোলে পাঞ্জাব। বীরেন্দর শেবাগ বাদে পাঞ্জাবের কোনো ব্যাটসম্যান বলার মতো রান করতে পারেননি। পীযূষ চাওলার বলে বোল্ড হওয়ার আগে শেবাগ করেন ৭২। ম্যাক্সওয়েল-মিলারকে খোলসবন্দী করে রাখার দায়িত্ব ভালোভাবেই করেছেন কলকাতার বোলাররা। সর্বোচ্চ ৩ উইকেটে পেয়েছেন চাওলা।