সাকিবকে ছাড়িয়ে ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষে যেদিন উঠলেন, অবনমনের শঙ্কা সঙ্গী সেদিন থেকেই। শঙ্কাটা অবশেষে সত্যি হলো। প্রথম আলোয় একবার সাকিব আল হাসান লিখেছিলেন, ‘খেলতে না পারলে এক নম্বর জায়গা ধরে রাখব কীভাবে!’ আরও বেশি টেস্ট খেলার আকাঙ্ক্ষা পূরণ হয়নি সাকিবের, ধরে রাখতে পারলেন না জায়গাটাও। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার আবার তাই জ্যাক ক্যালিস। ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের পারফরম্যান্সে সাকিবকে টপকে গেছেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার।সাকিবকে ক্যালিসের টপকে যাওয়াটা অবধারিতই ছিল। সাকিবের জন্য সাত মাস ধরে জায়গাটা ধরে রাখতে পারাটাই বরং বিস্ময়কর। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের পর শীর্ষে উঠেছিলেন সাকিব। এরপর আর কোনো টেস্টই খেলেনি বাংলাদেশ। শীর্ষস্থান ধরে রাখার সুযোগটাই তো তাই পেলেন না সাকিব! সর্বশেষ টেস্টে ১৫০ রান (১৪৪ ও ৬) করে ও ৭ উইকেট (৬/৮২ ও ১/৪৭) নিয়েও তাই সাকিবকে অসহায় চেয়ে দেখতে হলো নিজের অবনমন। সাকিবের উত্থানের আগে জায়গাটা প্রায় নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন ক্যালিস। শীর্ষে ছিলেন টানা ৪৫৭ টেস্ট ও ৩৬৯৬ দিন ধরে। টেস্ট খেলার সীমিত সুযোগ পেয়েও ধীরে ধীরে ক্যালিসের কাছাকাছি উঠে যান সাকিব। আর মিরপুর টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে একই টেস্টে সেঞ্চুরি করে ও ৫ উইকেট নিয়ে কেড়ে নেন ক্যালিসের রাজত্ব। তবে ক্যালিসের তো আর অসহায় বসে থাকতে হয়নি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও সাকিবের যখন লম্বা বিরতি, ক্যালিস এই সময়ে খেলে ফেলেছেন ৫টি টেস্ট। কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ডাবল সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে সেঞ্চুরি। উইকেট তো টুকটাক ছিলই। সর্বশেষ ওভালে অপরাজিত ১৮২ রান করে ও ২ উইকেট নিয়ে ফিরে পেলেন নিজের রাজত্ব। ক্যালিস-রাজত্বে সাকিব আবার কবে হানা দিতে পারবেন, বলা মুশকিল। বাংলাদেশ আবার টেস্ট খেলবে সেই অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা তো আর বসে থাকবেন না! ক্যালিস খুব বাজে পারফর্ম করলেই কেবল এই সময়ে আবার শীর্ষে ওঠার একটা সুযোগ থাকবে সাকিবের।শুধু ক্যালিস নয়, ওভাল টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সে টেস্ট র‌্যাঙ্কিংয়ের সব বিভাগেই প্রোটিয়াদের জয়জয়কার। ব্যাটিংয়ের সেরা দশে আগে থেকেই থাকা চারজন এখন চলে এসেছেন সেরা ছয়ে। দুই ধাপ এগিয়ে দুইয়ে ক্যালিস, তিন ধাপ এগিয়ে তিনে হাশিম আমলা, চার ধাপ এগিয়ে ছয়ে ওভালের আরেক সেঞ্চুরিয়ান গ্রায়েম স্মিথ। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে বোলিংয়ে শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসেছেন ডেল স্টেইন। ১০ থেকে ৬-এ উঠে এসেছেন মরনে মরকেল। আর ১৮৯ ওভারে মাত্র ২ উইকেট নিতে পারা সব ইংলিশ বোলারের হয়েছে অবনমন। তিন বছর পর শীর্ষ দশের বাইরে ছিটকে পড়েছেন ৫১ ওভার বোলিং করেও উইকেটহীন থাকা গ্রায়েম সোয়ান। তথ্যসূত্র: ওয়েবসাইট।