সাকিবকে জয়ের 'ধন্যবাদ'

ক্রিকেট দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা সগৌরবে ওড়ানোর জন্য সাকিব আল হাসানসহ বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। আজ শুক্রবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সুচিন্তা ফাউন্ডেশন নামের একটি সংগঠনের আয়োজনে একটি সেমিনারে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশি অলরাউন্ডারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। দেশের বিভিন্ন শ্রেণী-পেশার সফল ব্যক্তিদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
‘রূপকল্প ২০২১: গত পাঁচ বছরের অর্জন, আগামী পাঁচ বছরের অঙ্গীকার’ শীর্ষক এই অনুষ্ঠানে মহাজোট সরকারের এই শাসনামলের বিভিন্ন অর্জনের কথা বলতে গিয়ে এক পর্যায়ে জয় ক্রিকেটের প্রসঙ্গও আনেন। সে সময় মঞ্চে বসে থাকা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে ‘সাকিব ভাই’ সম্বোধন করে বিশেষ ধন্যবাদ জানান জয়। জয় বলেন, ক্রিকেটে আমরা বিজয়ী হয়েছি, সেজন্য সাকিব ও তাঁর দলকে ধন্যবাদ। এ সময় সাকিব হাসি মুখে জয়ের ধন্যবাদ গ্রহণ করেন।