৩ ম্যাচে দরকার ২৯৭ রান আর ৮টি উইকেট। কাজটা কঠিন, তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ তিনটি ম্যাচে এটা করতে পারলেই দারুণ এক অর্জন হয়ে যাবে সাকিব আল হাসানের। এক বছরে কমপক্ষে এক হাজার রান এবং ৫০ উইকেট পাওয়া ওয়ানডে ইতিহাসের প্রথম ক্রিকেটার হয়ে যাবেন সাকিব। এই কৃতিত্বের একদম কাছাকাছি গিয়েছিলেন জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ২০০০ সালে ১৩০০ রানের পাশাপাশি নিয়েছিলেন ৪৬টি উইকেট। দুই বছর পর এই ক্যালিসই আবার ১২০৪ রানের সঙ্গে নিয়েছিলেন ৪২ উইকেট। ১৯৯৮ সালে শচীন টেন্ডুলকার ব্যাট হাতে ১৮৯৪ রানের পাশাপাশি বল হাতে নেন ২৪ উইকেট। এর আগের বছর সনাৎ জয়াসুরিয়া ৩১ উইকেট পেয়েছিলেন ১১৭৮ রান করার পাশাপাশি। ২০০৬ সালে ১২১৭ রানের সঙ্গে ক্রিস গেইল উইকেট নিয়েছিলেন ২৯টি। এঁরা সবাই অবশ্য ৩০টির বেশি ম্যাচ খেলেছেন এক বছরে। এখন পর্যন্ত ৭০৩ রান ও ৪২ উইকেট সাকিব নিয়েছেন ২৫ ম্যাচে।