সাকিবকে নিয়ে চুপ হাথুরুসিংহেও

ছুটি কাটিয়ে পরশু রাতে ফিরেছেন। কাল তাঁর অনুশীলনের দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু সেই সুযোগ পেলেন কোথায়! মুশফিকদের সঙ্গে দেখাটেখা হলো, একবার ইনডোর থেকে ঘুরে এলেন। এরপর পুরো সময় বিসিবি কার্যালয়ে। ক্রিকেট পরিচালনা বিভাগের এক কক্ষ থেকে আরেক কক্ষ, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর কক্ষ, নির্বাচকদের সঙ্গে আলোচনা, সভা-বৈঠকময় এক দিন কাটল চন্ডিকা হাথুরুসিংহের। আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সভার বিষয়বস্তু অনুমান করে নিতে সমস্যা হয়নি। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞাসংক্রান্ত ঘটনাপ্রবাহের স্রোত থমকে আছে যে হাথুরুসিংহেতে এসেই!
তড়িঘড়ি করে অতি নাটকীয় সিদ্ধান্তের পর নিষেধাজ্ঞার মেয়াদ যে আসলেই অতিরিক্ত হয়ে গেছে, সেই উপলব্ধি বিসিবি কর্তাদেরও আছে। গুঞ্জন আছে, বিসিবি এখন এ অবস্থা থেকে বেরিয়ে আসার সম্মানজনক মাধ্যম হিসেবে বেছে নিয়েছে হাথুরুসিংহেকেই। সাকিব কোচের কাছে দুঃখ প্রকাশ করবেন, ক্ষমা চাইবেন। কোচ এরপর বিসিবিকে অনুরোধ করবেন নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দিতে। সে অনুযায়ী ব্যবস্থা নেবে বোর্ড, এটাই নাকি বোর্ডের পরিকল্পিত চিত্রনাট্য। গতকাল পর্যন্ত সাকিবও ছিলেন কোচের সঙ্গে কথা বলার অপেক্ষায়। পরিকল্পিত চিত্রনাট্যের বাস্তবায়নও আটকে আছে হাথুরুসিংহেতে এসে। বিসিবির ছক ধরে এগোবেন কি না, সেটা এখনো বাংলাদেশ কোচ ঠিক করে উঠতে পারেননি বলেই মনে হচ্ছে।
তবে ভেতরে ভেতরে প্রক্রিয়া যা-ই চলুক কিংবা দ্বাররুদ্ধ সভায় আলোচনা যত কিছুই হোক, সংবাদমাধ্যমের সামনে সেসব এড়িয়ে গেলেন হাথুরুসিংহে। স্রেফ ক্রিকেট নিয়ে কথা বলার শর্তে রাজি হয়েছিলেন কথা বলতে। কিন্তু এই মুহূর্তে দেশের ক্রিকেট মানেই তা সাকিব ইস্যু! গত ভারত সিরিজ, আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছুঁয়ে এসে অবধারিতভাবেই উঠে এল সাকিব প্রসঙ্গ। সাকিবের নিষেধাজ্ঞা কিংবা নিষেধাজ্ঞার মেয়াদ, কোনোটি নিয়েই পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য করলেন না হাথুরুসিংহে, ‘বোর্ড একটি সিদ্ধান্ত নিয়েছে, আর আমি বোর্ডের চাকরি করছি। বোর্ডকেই অনুসরণ করতে হবে আমাকে। আমার দায়িত্ব হলো ক্রিকেটারদের আরও ভালো করে তোলা, দলকে এগিয়ে নেওয়া। যাদের হাতে পাব, তাদের নিয়েই সেরাটা দিয়ে যাব আমি।’
দেশের সেরা ক্রিকেটারকে পেলে তো কোচের সেরাটা দেওয়াও অনেক সহজ হয়ে যায়! সেটা নিশ্চয়ই অস্বীকার করবেন না হাথুরুসিংহেও। তবে বিসিবি মিডিয়া ম্যানেজারের সতর্ক পর্যবেক্ষণের সামনে ভীষণ সতর্ক কোচও, ‘শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক নয়, দলে তো আরও ১০ জন আছে। এটা একটা দল, বাংলাদেশ দল। ওর বদলে যে-ই দলে আসুক, আশা করব সে নিজেকে উজাড় করে দেবে।’
কথাবার্তায় এতটা সতর্ক যিনি, সাকিবের নিষেধাজ্ঞা কমানোর অনুরোধের গুঞ্জন নিয়ে তিনি মুখ খুলবেন না, এটা তো জানা কথাই। হাথুরুসিংহেও বলতে চাইলেন না। তবে কোচের কথায় কিছু একটা ইঙ্গিত অন্তত মিলল, ‘এটা বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার, প্রকাশ্যে এসব আলোচনা করতে চাই না। আমরা যা করার, তা করছি। যাই করা হোক, সেটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভালোর জন্যই করা হবে।’
মাঠের বাইরের এত ঘটনাপ্রবাহের মাঝে চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়া মাঠের ক্রিকেট প্রসঙ্গও কিছু এল। কথা বললেন ভারত সিরিজের ব্যর্থতা, আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরের সম্ভাবনা নিয়ে। তবে সাকিব ইস্যুর ব্যাপ্তি এতই যে আপাতত ম্লান অন্য সবকিছুই। আজ-কালের মধ্যেই হয়তো সাকিবের সঙ্গে কথা বলবেন কোচ। সমস্যা সমাধানের একটা রেখা মিলতে পারে ওখান থেকে। কোচের সঙ্গে কথা বলে হয়তো শাস্তি মওকুফ বা শাস্তির মেয়াদ কমানোর আবেদন করবেন সাকিব। এত দিন অবশ্য চাইলেও সেটা করতে পারতেন না তিনি। শাস্তির ঘোষণাটা ৭ জুলাই দেওয়া হলেও বিসিবি যে সাকিবকে সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মাত্রই গত পরশু!