সাকিবকে নিয়ে পাঠকদের হাহাকার

তিনি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। গোটা দেশেরই নন কি! শৃঙ্খলা-জনিত কারণে সাকিব আল হাসান যখন ক্রিকেট থেকে ছয় মাসের জন্য বহিষ্কৃত হন, সেটা হয়ে যায় পুরো দিনেরই সবচেয়ে বড় খবর। কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এ দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কঠোর শাস্তিটাই যখন তাঁকে দিয়ে দেওয়া হলো সেই ঘটনা সারা দেশে ঝড় না তুলে কী পারে?
বিশ্বকাপ ফুটবলের কারণে ক্রিকেট বেশ কিছুদিন ধরেই আলোচনার বাইরে। কিছু দিন আগে ভারতের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজেও মানুষের আগ্রহ ছিল খুবই কম। কিন্তু সাকিবের এই শাস্তির ঘটনা হঠাত্ করেই বিশ্বকাপকে যথেষ্টই ‘ব্যাকফুটে’ ঠেলে দিয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান সাকিবের শাস্তি ঘোষণা করার প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে সংবাদ প্রকাশিত হয় প্রথম আলোর অনলাইন সংস্করণে। এরপর থেকেই সংবাদটি ছিল পাঠকের পাঠ্য তালিকার শীর্ষে। মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত কেবল প্রথম আলোর ফেসবুক পেজের লিংক ধরেই এই সংবাদটি পাঠ করেছেন পাঁচ লাখ ৩৭ হাজার ৩৯৯ জন পাঠক। সংবাদটি ফেসবুকে শেয়ার হয়েছে ২৮৪ বার। এতে ‘লাইক’ পড়েছে ১১ হাজার ১৫৭টি, মন্তব্য পড়েছে ১১ হাজার ৬৭টি। সাম্প্রতিককালে কোনো নির্দিষ্ট সংবাদ নিয়ে মানুষের এত আগ্রহ আর দেখা যায়নি। এতেই প্রমাণিত হয় সাকিব বাংলাদেশের কত বড় সেলেব্রিটি।
সাকিবকে নিষিদ্ধ করার সংবাদটিতে মন্তব্য প্রকাশ করা হয়েছে ৩৩৮টি। এসব মন্তব্যে পাঠকেরা প্রাণভরেই প্রকাশ করেছেন এ ব্যাপারে নিজেদের মতামত। হাজার-হাজার মন্তব্যের মধ্য থেকে সাকিবের পক্ষ ও বিপক্ষ বাছাই করা দুরূহ হলেও এদেশের মানুষ ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে কতটা ভাবেন, সেটাই যেন উঠে এসেছে এসব মন্তব্যে। সেই সঙ্গে উঠে এসেছে সাকিবের মতো একজন খেলোয়াড় যেন ভবিষ্যতে নিজেকে এসব বিতর্কে না জড়ান, সেই হাহাকারও।
মারুফ নামের এক পাঠক লিখেছেন, ‘আমার মনে হয় সব কিছুর পরেও ছেলেটার বয়স কম তাই কিছু ভুল আচরণ করে ফেলেছে। আমি ৪০-এর ঘরে পা রেখেছি, কাজ করি শেফ হিসেবে একটি পাঁচ তারকা হোটেলে। নিজের অবস্থানের দাম্ভিকতা আর অহংকার বোধ থেকেই অনেক সময় সীমা ছাড়িয়ে অনেক কিছু বলে ফেলি বা করেও ফেলি। আবার তার জন্য অনুতপ্ত হই, বয়োজ্যেষ্ঠ বা বয়ঃকনিষ্ঠ যার সঙ্গেই ঔদ্ধত্য আচরণ প্রকাশ করি না কেন ক্ষমা চেয়ে নেই। তাঁরা ক্ষমা করেও দেন। সাকিব এখনো আমার তুলনায় অনেক অল্প বয়সী। তাই আমাদের এমন ভুল হতে পারলে তার জন্য তা ঘটাত আরও বেশি স্বাভাবিক। ব্যক্তিগত আক্ষেপ বা আক্রোশের বশবর্তী হয়ে এই প্রতিভাশালীকে ধ্বংস করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর সবকিছুর মতো এই বিষয়ও শেষ পর্যন্ত যেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন না হয়।’
রাজা নামের আরেক পাঠক লিখেছেন, ‘একজন ভালো খেলোয়াড়ের কাছ থেকে অন্য খেলোয়াড়েরা নিয়ম-শৃঙ্খলা আশা করে। নতুনেরা তাদেরকে অনুসরণ করে । সাকিব একজন গ্রেট নিঃসন্দেহে, কিন্তু তার এমন আচরণ কেন? ভালো খেলোয়াড় বা ভালো ছাত্রের দুষ্টুমি শিক্ষকেরা পছন্দ করলেও তাদের বেয়াদবি কিন্তু পছন্দ করেন না । ভালো খেলোয়াড় বলেই যে চোখ কপালে তুলে কথা বলতে হবে তার তো মানে নেই। সাপের মাথার মণি যতই দামি হোক সাপ কি তাতে মানুষের বন্ধু হতে পারে?
খালিদ সাইফুল্লাহ লিখেছেন, ‘সাকিবের যে বিচার হলো সেটা সাকিবের বিরুদ্ধে অন্যায় করা হলো, পুরাই লঘু পাপে গুরুদণ্ড। শৃঙ্খলা ভঙ্গের শাস্তি এমন হলে তো শেন ওয়ার্নের মতো খেলোয়াড় আজীবন নিষিদ্ধ হতো। তা ছাড়া এত দ্রুত কেন সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো? প্রশ্ন উঠতেই পারে, সাকিবের সাজা কি আগে থেকেই প্রস্তুত ছিল? আর একটা ব্যাপার, যাঁরা শাস্তি দিচ্ছেন তাঁরা কি প্রশ্নের ঊর্ধ্বে? নাকি তাঁরা আরও বেশি বিতর্কিত? বিসিবিতে কি কোনো অনিয়ম হয় না? এটা কি বিচার নাকি বিচারের নামে ক্রিকেট বোর্ডের দুর্বলতা ঢাকার প্রয়াস?’ খোরশেদ আলম লিখেছেন, ‘আমার মনে হয় সাকিবের মধ্যে অহমিকা চলে এসেছিল। তাই পতন তার হতোই । তবে বিসিবির আর একটু কুশলী হওয়া উচিত ছিল।’
আজ ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে ভক্ত-সমর্থকদের উদ্দেশে আবেগঘন একটি লেখা পোস্ট করেছেন সাকিব।