সাকিবকে পেয়ে আত্মহারা শিক্ষার্থীরা

সাধারণ পাঁচটা দিনের মতোই আজ স্কুলে গিয়েছিল চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ের (বাওয়া) শিক্ষার্থীরা। স্কুলে যে তাদের জন্য এত বড় চমক অপেক্ষা করছিল, কে জানত। সকাল নয়টার দিকে হঠাত্ করে তাদের জানানো হলো, বিশ্ব কাঁপানো অলরাউন্ডার সাকিব আল হাসান আজ এই স্কুলে আসবেন। এটা শুনেই উল্লাসে ফেটে পড়ে ছাত্রীরা।
আজ সোমবার সকাল পৌনে ১০টা থেকে সাকিব প্রায় সোয়া ঘণ্টা কাটিয়েছেন বাওয়া স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে। ইউনিলিভারের লাইফবয় হাত ধোয়া কর্মসূচির প্রচারের অংশ হিসেবে তাঁর এই আগমন। এ সময় শিক্ষার্থীদের সুস্থ থাকার জন্য হাত ধোয়া সম্পর্কে জ্ঞান দিয়েছেন সাকিব।
তবে দেশের এই তারকা ক্রিকেটারের মুখ থেকে এসব উপদেশবাণী শোনার চেয়ে তাঁর সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়াতেই বেশি আগ্রহ ছিল শিক্ষার্থীদের। অটোগ্রাফের আশায় খাতা-কলম নিয়ে প্রস্তুত ছিল সবাই, যদিও সবার ভাগ্যে সেই অটোগ্রাফ জোটেনি। তবে ছবি তুলতে পেরে আনন্দিত অনেকে।
ছবি তোলা কিংবা অটোগ্রাফ, কিছু না পেয়েও খুশি বাওয়া স্কুলের অনেক শিক্ষার্থী। সাকিবের আগমনটাই যে একটা বিরাট ঘটনা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারাহ তাসনিম বলেছে, ‘স্কুলে আসার পর শুনলাম সাকিব আসবেন। কী যে আনন্দ লাগছিল! এই প্রথম তাঁকে সামনাসামনি দেখলাম। এতেই খুশি। অটোগ্রাফ পেলে ভালো হতো।’