সাকিবকে বলেছিলেন নাসির, তবু...
শেষ বিকেলের মরে আসা আলোয় মন খারাপ করা একটি মুহূর্ত। সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টায় অকারণ আত্মাহুতি। নিভু নিভু থেকে ক্রমেই উজ্জ্বল হতে থাকা দলের আশার প্রদীপটারও যেন দপ করে নিভে যাওয়া। দিন শেষে তাই তিনি ট্র্যাজেডির নায়ক। কিন্তু নায়ক তো! ড্রেসিংরুমের দিকে তাই সংবাদকর্মীদের চাতক চাউনি, মনে মনে প্রশ্ন সাজানো। কিন্তু এখানেও হতাশার আরেক পর্ব, সংবাদ সম্মেলনে এলেন না সাকিব আল হাসান। গোধূলিবেলার আক্ষেপটার বড় ভূমিকা থাকতে পারে সাকিবের না আসায়। তবে ‘পোশাকি’ একটা কারণও আছে। ডান পায়ের শিনবোনে খানিকটা আঘাত পেয়েছেন, ছুটতে হয়েছে এমআরআই করাতে। দিন শেষে অপরাজিত ব্যাটসম্যানের সংবাদ সম্মেলনে না আসাই প্রথা। ২২ গজে যেমন নাসিরের হাতে দায়িত্বটা ছেড়ে দিয়ে এসেছেন সাকিব, সংবাদ সম্মেলনের দায়িত্বটাও নিতে হলো নাসিরকে। পরদিনের পরিকল্পনা, ম্যাচের সম্ভাব্য গতিপথ—এসব নিয়ে সামান্যই বলতে হলো ৬৪ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যানকে। বরং ব্যাটে-বলে সাকিবের লড়াই এবং শেষবেলার আক্ষেপ, এর আগে ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এসব নিয়েই হাজারো প্রশ্ন। নাসিরের সংবাদ সম্মেলন হয়ে থাকল যেন কালকের দিনটারই প্রতীক! শেষটাই লোকে বেশি মনে রাখে, কালকের মতো অমন শেষ তো আরও বেশি! সাকিবের আত্মাহুতির প্রসঙ্গ উঠল তাই শুরুর দিকে। ক্রিকেট মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতে অনেকেই যাঁর মাঝে সাকিবের ছায়া দেখতে পান, সেই নাসিরের ব্যাখ্যা, ‘সাকিব ভাই আসলে এভাবে খেলেই সাকিব আল হাসান হয়েছেন। তাঁকে এভাবেই খেলতে দেওয়া উচিত। সবারই উচিত নিজের সহজাত খেলাটাই খেলা।’সতীর্থকে আড়াল করতে চাইলেন সংবাদ সম্মেলনে। মাঠেও কিন্তু সতর্ক করে দিয়েছিলেন সাকিবকে! আসন্ন বিপদের গন্ধটা ঠিকই পেয়েছিলেন নাসির, ‘নারাইনকে যখন চার-ছয় মারল (টানা তিন বলে চার-ছয়-চার), তখন বুঝলাম সাকিব ভাই সেঞ্চুরিটা আজকেই করতে চাইছে। শেষ হওয়ার একটু আগেই এগিয়ে গিয়ে বলেছিলাম, “সাকিব ভাই, তিন ওভার মনে হয় বাকি আছে, আপনি এক এক করে নিয়ে সেঞ্চুরিটা করেন।” আসলে ওই জায়গাটা এমন একটা জায়গা, যেখানে মাথায় অনেক ব্যাপার কাজ করে।’তাঁর নিজের মাথায় তাহলে কী ‘কাজ করছিল?’ ম্যাচের প্রথম দিন দারুণ একটা ফিফটির পরই যে সাকিবের মতোই একটা শট খেলে উইকেট বিলিয়ে এসেছিলেন! ‘ওই মুহূর্তে আমার মনে হয়েছিল শট খেলা দরকার। আসলে ঠিক শট খেলা নয়...আউট হয়ে গেলাম আরকি!’—মাথার ভেতর কী খেলা করেছিল বা করে, নাসির নিজেও যেন ওসব জানেন না!কোনো মাইলফলক সামনে এলেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মানসিক অস্থিরতা নিয়ে যেমন নাসিরের সরল স্বীকারোক্তি, ‘নব্বইয়ের পর তো টেন্ডুলকারেরও হাঁটু কাঁপে। এত বড় ব্যাটসম্যান, এত এত সেঞ্চুরি করেছে, তার পরও এখনো নব্বইয়ে কাঁপে। আমরা তো সে তুলনায় এখনো কিছুই করিনি!’ সেঞ্চুরির মতো নড়বড়ে নব্বইয়েও অপ্রতিদ্বন্দ্বী শচীন টেন্ডুলকার। ১০০টি সেঞ্চুরি যেমন করেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে নব্বইয়ের ঘরে থমকে গেছেনও ২৮ বার, যা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে যে দ্বিগুণ (রাহুল দ্রাবিড় ১৪ বার)। যুক্তি বা ঢাল হিসেবে এই তথ্যকে তাই ‘দারুণ’ বলতেই হবে। তবে সঙ্গে পাল্টা প্রশ্নও জাগে, টেন্ডুলকারের মতো সেঞ্চুরির অভ্যাসটা কবে যে গড়ে উঠবে! এ অভ্যাসটার জন্য খানিকটা আক্ষেপ অবশ্য শোনা গেল নাসিরের কণ্ঠে, ‘সেঞ্চুরি করাটা আসলে অভ্যাসের মতো। করতে করতে আরও বেশি হয়। আমরা তো জাতীয় লিগেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। পেলে হয়তো ভালো হতো।’নাসিরের কালকের ইনিংসটায় অবশ্য ভুল থেকে শিক্ষা নেওয়ার ইঙ্গিত আছে। পুরো সময়ই নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিলেন, ঝুঁকির দিকে পা বাড়াননি। পরিণতবোধের একটা আভাস পাওয়া গেল চিন্তাভাবনাতেও, ‘বাইরে থেকেই দেখছিলাম যে বল নিচু হচ্ছে। মুশফিক ভাইও নিচু হওয়া বলে আউট হলেন। আমি তাই পরিকল্পনা করে নেমেছিলাম যে কোনো লফটেড শট খেলব না। সেটা চেষ্টা করেছি। এখনো আছি। দেখা যাক...।’আজ ‘কী দেখা যেতে পারে’ সেটার একটা ছায়াও দাঁড় করানোর চেষ্টা করলেন, ‘আমি আছি, রিয়াদ ভাই আছেন, সোহাগ-রাজুরা আছে। লিড নেওয়া বা ইনিংস হার এড়ানো—এসব নিয়ে কোনো চিন্তা করব না। চেষ্টা করব যতক্ষণ বেশি খেলা যায়।’কথার এই পরিণতবোধের প্রমাণ যদি মাঠেও মিলত!