সাকিবকে বিসিবির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোকে দেওয়া সাকিব আল হাসানের সাক্ষাৎকার নিয়ে ব্যাপক তোলপাড় চলল কয়েকটা দিন। ‘প্রত্যাশার সীমাটা বোঝা উচিত’ শিরোনামে আলোচিত সাক্ষাৎকারটি নজরে এসেছে বিসিবিরও। পরশু বিসিবি একটা চিঠি দিয়ে সাক্ষাৎকারে দেওয়া কয়েকটি বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে সাকিবের কাছে।
কাল এ ব্যাপারে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি সাকিব। টেলিফোনে শুধু বলেছেন, ‘সামনে আমার কিছু খেলা আছে। আপাতত সেদিকে মনোযোগ দিতে চাই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা আপাতত বিশ্রামে আছেন। ১২ এপ্রিল থেকে জাতীয় লিগ নিয়ে আবার ব্যস্ত হবেন তাঁরা। তবে সাকিবের ব্যস্ততা জাতীয় লিগ নিয়ে নয়, তিনি চলে যাচ্ছেন আইপিএল খেলতে। ১৬ এপ্রিল থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এবারের আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে টুর্নামেন্টটি খেলতে ৮ এপ্রিল দেশ ছাড়বেন সাকিব। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম ম্যাচেই সাকিবের কেকেআর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানসের।
কেকেআর ফাইনাল পর্যন্ত গেলে হয়তো ১ জুন পর্যন্তই আইপিএল নিয়ে ব্যস্ত থাকতে হবে সাকিবকে। এরপর ৫ জুলাই থেকে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তাঁর খেলতে যাওয়ার কথা আছে। সাকিবের গতবারের দল বারবাডোজ ট্রাইডেন্টস এবারও তাঁবুতে রেখেছে তাঁকে। তবে গতবার সিপিএলে খেলা বাংলাদেশের আরেক ক্রিকেটার তামিম ইকবালকে রাখেনি সেন্ট লুসিয়া জুকস। সিপিএল থেকে বাদ পড়া ক্রিকেটারের তালিকায় অবশ্য শহীদ আফ্রিদি, তিলকরত্নে দিলশান ও ড্যানিয়েল ভেট্টোরির মতো ক্রিকেটারও আছেন।
ফাঁকা সময়টা আইপিএল, সিপিএলের মানের টুর্নামেন্ট খেলে কাজে লাগানো যাচ্ছে বলে খুশি সাকিব, ‘এখন আইপিএল না হলে হয়তো জাতীয় লিগে খেলতাম। কিন্তু এই আবহাওয়ায় জাতীয় লিগের সব ম্যাচ ঠিকঠাক হবে কি না কে জানে। তবে আমি চাই ম্যাচগুলো হোক। তাহলে আমাদের সব ক্রিকেটারই খেলার মধ্যে থাকতে পারবে।’ কিন্তু আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর বাংলাদেশ দলের। আইপিএল-সিপিএলে শুধু টি-টোয়েন্টি খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার জন্য কতটা প্রস্তুত হতে পারবেন সাকিব? সাকিব আত্মবিশ্বাসী, ‘আগে যখন এসবে সমস্যা হয়নি, এবারও হবে না আশা করি।’