সাকিবদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব-মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলিংয়ে ছন্দে ফিরলেন মাশরাফিও । ছবি: শামসুল হক
সাকিব-মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলিংয়ে ছন্দে ফিরলেন মাশরাফিও । ছবি: শামসুল হক

এ বছর টানা নয় ম্যাচ হারের পর আত্মবিশ্বাসের রসদ খুঁজতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য জয়ের দেখা পাওয়াটা খুব দরকার ছিল। ফতুল্লায় প্রথম প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বহু আরাধ্যের জয় (৪ উইকেটে) এল বটে। তবে তাতে সন্তুষ্ট হওয়ার সুযোগ ছিল সামান্যই। কারণ অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ম্যাচটি জিততে যে মুশফিকুর রহিমের দলের রীতিমতো ঘাম ছুটে গেছে। সেই জয় ‘আফগান-জুজু’ বাড়িয়ে দিয়েছে বৈ কমায়নি। তবে শঙ্কার মেঘ কাটিয়ে সাকিব-মুশফিকদের মুখে রৌদ্রোজ্জ্বল হাসি ফিরল। আইরিশদের বিপক্ষে এই ম্যাচটিতে যেমন খেলল বাংলাদেশ, ১৬ মার্চের আগুন-পরীক্ষার আগে এমন একটা ম্যাচ ভীষণই দরকার ছিল। এই ম্যাচ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার!

আজও শুরুতে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সব রান আসল টুর্নামেন্টে করবেন বলেই হয়তো টানা দুই প্রস্তুতি ম্যাচে ‘স্বেচ্ছা’ ব্যর্থতা মেনে নিলেন এনামুল হক। ফিরলেন যখন, স্কোরবোর্ডে মাত্র নয় রান। এরপরই উইকেটে সাব্বির রহমানকে দেখে কেউ কেউ হয়তো চমকে গেছেন। দলের তিন নম্বর জায়গাটি ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত, সেখানে কিনা সাব্বির? মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই যিনি বিশ্বকাপে। খেলেননি প্রথম প্রস্তুতি ম্যাচেও। সাব্বির আস্থার প্রতিদান দিলেন তামিমের সঙ্গে ৩৮ বলে গড়া ৪৮ রানের জুটিতে। ২৩ বলে ২৩ করলেন। এর মধ্যে ১৩ রানই এল সিঙ্গেলস থেকে—টি-টোয়েন্টির মারকাটারি খেলাতেও সিঙ্গেলসের গুরুত্বের কথা খোদ তামিম ইকবাল নিজেই বলেছেন প্রথম প্রস্তুতি ম্যাচের পর।

চোট থেকে ফেরা তামিম নিজেও যেন অনেক পরিপক্বতার পরিচয় দিলেন। প্রথম ম্যাচে ৪৩ করার পর আজকের ২৯ বলে ৩২ নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাসও জোগাবে তাঁকে। ভালো একটা শুরুর ভিত্তিতে দাঁড়িয়েই শেষে তুলতে হবে ঝড়—এটাই বাংলাদেশের সরল রণকৌশল। প্রথম ১০ ওভারে যেখানে ৬৩ রান তুলল বাংলাদেশ, শেষ ১০ ওভারে তুলল ১১৬ রান। শেষ তিন ওভারেই ৪৭ রান তুলেছেন সাকিব-মুশফিক।

বাংলাদেশ অবশ্য ‘আক্ষেপ’ করতে পারে, ব্যাটিংয়ে সবার অনুশীলনটাই তো হলো না সাকিব-মুশফিকের ঝোড়ো দুটো ইনিংসের কারণে। তবে বোলিংয়ে সেই অনুশীলনটা ভালোমতোই মুশফিক করিয়ে নিলেন বোলারদের দিয়ে। আজ সাত বোলারকে দিয়ে বল করিয়েছেন। মজার ব্যাপার হলো, এর মধ্যে ছয়জনই তুলে নিয়েছেন উইকেট। সবচেয়ে সফল হয়তো সাকিব আর মাশরাফি, দুটো করে উইকেট নিয়েছেন বলে।

তবে বাংলাদেশ অধিনায়কের মুখে হাসি ফিরতে পারে বোলারদের সবাই কম-বেশি ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন বলে। সোহাগ গাজী বাংলাদেশের উদ্বোধনী বোলার হয়ে গেছেন কিছু দিন ধরে। ৪ ওভারে ২৪ রান দিয়েছেন সোহাগ, প্রথম শিকারটাও তাঁরই। ২৮ রানে ২ উইকেট নিয়ে মাশরাফি বুঝিয়ে দিয়েছেন, ঘরের মাঠের আগের বিশ্বকাপে দর্শক হয়ে বসে থাকার যন্ত্রণা এবার আর সইতে চান না। আইরিশদের প্রথম তিন ব্যাটসম্যানের দুজনই মাশরাফির শিকার। সেই নাম দুটোও উইলিয়াম পোর্টারফিল্ড আর এড জয়েস—যাঁরা বহুবার বাংলাদেশকে ভুগিয়েছেন।

৩ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট—সাকিব জানিয়ে দিলেন তিনি ব্যাটে-বলেই প্রস্তুত। এশিয়া কাপেও ভালো বোলিং করেছেন। শেষ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারে দিয়েছিলেন মাত্র ২৭ রান। উইকেট সেভাবে পাননি (তিন ম্যাচে দুটো উইকেট)। তবে সেই ক্ষুধা মিটিয়ে নেওয়ার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ তো রইলই। তবে সাকিবের চেয়েও আজ বেশি কৃপণ ছিলেন এশিয়া কাপে খেই হারিয়ে ফেলা আল আমিন। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নিয়েছেন স্টুয়ার্ট থম্পসনের গুরুত্বপূর্ণ উইকেটটি। এই টমসনই আজ সপ্তম উইকেটে ওভারে ১৩-এর বেশি করে রান তোলা ৩৭ রানের জুটি গড়ে ভোগাচ্ছিলেন বাংলাদেশকে।

মাশরাফি-আল আমিন দুজনেরই ছন্দ ফিরে পাওয়াটাও আজকের ম্যাচে বাংলাদেশ দলের জন্য সুখবর। তবে দুশ্চিন্তার একটা জায়গা কিন্তু থেকেই গেল। ওয়ানডে এবং টি-টোয়েন্টি—দুই জায়গাতেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক আবদুর রাজ্জাক আজ ৩ ওভার বোলিং করে দিলেন ৩০ রান। রাজ্জাকের ঘুম ভাঙানোটাই এখন সবচেয়ে জরুরি।