সাকিবদের জন্য পিটারসেনের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যাচে সমতা বলব না, আমার তো মনে হয় ওরাই এগিয়ে। আমাদের একজন ব্যাটসম্যানও কম, কাল (আজ) আমাদের জোর লড়াই করতে হবে। কালকের (আজ) প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ’—গত ৬৫ টেস্টে কতবারই না বাংলাদেশ এমন কথা শুনেছে। শুনতে শুনতে মুখস্থও হয়ে যাওয়ার কথা অনেকের। কিন্তু কাল এই কথাগুলোকেই কতই না মধুর মনে হলো। বললেন যে কেভিন পিটারসেন!টেস্টে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন, সেটাও আবার অভিষেকের পর থেকে সবচেয়ে কম সময়ের বিশ্ব রেকর্ড গড়ে (৪ বছর ৮ মাস)। তার পরও দিনশেষে পিটারসেনের মুখে রাজ্যের অন্ধকার। আউট হয়েছেন ৫ হাজার ছোঁয়ার পর আর কোনো রান না করেই, পরের ওভারেই দলের অন্যতম ভরসা পল কলিংউডের আউটে ভালো বিপদেই পড়ে গিয়েছিল ইংল্যান্ড। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ইয়ান বেলকে নিয়ে এরপর দিনটা ভালোভাবেই পার করে দিয়েছেন জোনাথন ট্রট। মূল ব্যাটসম্যানদের শেষ জুটি এটাই, তবে পিটারসেনের বাজিও এই দুজনকে নিয়েই। ট্রট-বেল দাঁড়িয়ে গেলে আজকের দিনশেষে ইংল্যান্ড ৩ উইকেটে ৫০০ বা ৫ উইকেটে ৫০০ রানও করে ফেলতে পারে, বলেছেন এমনটাও। শুধু এই দুজনই নয়, ম্যাট প্রিয়র, স্টুয়ার্ট ব্রড, এমনকি ট্রেডওয়েলের ওপরও ভরসা করছেন পিটারসেন, ‘দশ নম্বর পর্যন্ত আমাদের সবাই ব্যাট করতে পারে। কাল সারা দিন যদি আমরা ব্যাট করতে পারি, তাহলে ভালো একটা পজিশনে থাকব আমরা, জয়ের আশা তাই ছাড়ছি না।’পিটারসেনের ভরসার কারণও অবশ্য আছে। প্রিয়র তো স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেও খেলেছেন ইংল্যান্ড দলে, ব্যাট হাতে নিয়মিতই প্রতিপক্ষকে ভোগানোর অভ্যাস ব্রড-সোয়ানদের আছে। সোয়ানের টেস্ট-গড় ৩২.৭৬, প্রথম শ্রেণীর সেঞ্চুরি আছে ৫টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্রডের সেঞ্চুরি নেই, তবে ফিফটি আছে ১১টি, টেস্ট-গড় বাংলাদেশের অনেক মূল ব্যাটসম্যানের চেয়েও ভালো (২৬.৩৪)। প্রথম শ্রেণীর ক্রিকেটে টিম ব্রেসনানের সেঞ্চুরি আছে ৩টি, এমনকি দশ নম্বরে যার নামার কথা সেই ট্রেডওয়েলেরও আছে দুটি। ইংল্যান্ড আশা ছাড়বে কেন?নিজ দলের চেয়েও অবশ্য পিটারসেনকে হতাশ করেছে উইকেট। এই টেস্টের আগেই চট্টগ্রামের উইকেটের সমালোচনায় মুখর হয়েছিলেন, ঢাকার উইকেট তাঁকে হতাশ করেছে আরও, ‘উইকেটে কিছুই নেই, না বোলারদের জন্য, না ব্যাটসম্যানদের জন্য। শট খেলা খুব কঠিন, আবার চাইলে কোনো ব্যাটসম্যান এখানে সারা দিন পড়ে থাকতে পারে। কোনো ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে আবার না দেওয়া যায় বাউন্সার, না করা যায় অন্য কিছু।’ ইংল্যান্ডের ব্যাটিং দেখেও মনে হচ্ছিল শট খেলার মতো কঠিন কাজ আর নেই। আগের টেস্টে ১৩৫ বলে ৯৯ ও ২৪ বলে ৩২ রান করা পিটারসেন কাল ৪৫ রান করতে খেলেছেন ৯৯ বল। প্রথম রানের দেখা পেতে জোনাথন ট্রটের লেগেছে ৩২ বল, ১৪৭ বলে করা ফিফটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে মন্থর, আর দিনশেষে ৬৪ রানে অপরাজিত ১৮৭ বল খেলে!তবে এই উইকেটেও যে সকালে সমানে রান তুলে ফেলল বাংলাদেশের টেল এন্ডাররা, ১০ নম্বরে নামা শফিউল ফিফটি করলেন ৪৭ বলে! ‘ওদের দুজন বাঁহাতি স্পিনার, আর আমাদের বেশির ভাগই ডানহাতি ব্যাটসম্যান। আর আমাদের দুজন অফ স্পিনার, ওদের টেল এন্ডাররাও ডানহাতি, আর আমাদের পেসাররাও প্রচুর বোলিং করেছে। এই উইকেটে পেসারদের চেয়ে সাকিবের মতো উইকেট টু উইকেট বোলিং করা স্পিনারদের খেলা নিশ্চয়ই অনেক কঠিন’—পিটারসেনের উত্তর এই ম্যাচের বাকি সময়টুকুর জন্যও বাংলাদেশের জন্য হতে পারে প্রেরণা। এই প্রেরণায় আরও উদ্দীপ্ত হয়ে প্রেরণাদায়ীদের গুঁড়িয়ে দিতে পারবেন সাকিবরা!