সাকিবদের নিয়ে ম্যাকিন্সের গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার নিয়ে যেখানে থাকবেন, বাচ্চারা যেখানে পড়বে—এসব দেখে মোটামুটি সন্তুষ্ট। এখন ব্রিসবেনে ফিরে স্কুলশিক্ষিকা স্ত্রীকে রাজি করাতে পারলেই হয়। রিচার্ড ম্যাকিন্স তখন অন্তত দুই বছরের জন্য হয়ে যাবেন বিসিবি একাডেমির প্রধান কোচ। স্ত্রী-দুই সন্তানকে নিয়ে চলে আসবেন বাংলাদেশে।তিন দিন ঢাকায় কাটিয়ে ম্যাকিন্স কাল ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। যাওয়ার আগে দুপুরে শেষ ঢুঁ মারলেন মিরপুরের একাডেমি ভবনে। ঘুরে ঘুরে দেখলেন ক্রিকেটারদের থাকার কক্ষ, অন্যান্য সুযোগ-সুবিধা। ২০০৩-০৪ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১০ দলের কোচ হিসেবে নিয়ে যাওয়া অভিজ্ঞতার সঙ্গে যার কিছুই মেলে না। ‘আগে যখন এখানে ছিলাম, বিকেএসপিতে গিয়ে কাজ করেছি। এখন তো এখানে দারুণ একটা একাডেমি ভবন হয়েছে। থাকার ব্যবস্থা, মাঠ, মূল স্টেডিয়াম সবই অসাধারণ। সুযোগ-সুবিধার অভাবকে আর অজুহাত বানানোর উপায় নেই। এখন শুধু পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে’—একাডেমি ভবনে বসে বললেন ম্যাকিন্স।আজকের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা ম্যাকিন্সেরই হাতে গড়া। ‘তাদের নিয়ে আমি গর্ব করি’—কথাটা বলার সময় অন্য রকম এক খুশির আভা ধরা পড়ল ম্যাকিন্সের চেহারায়। মুশফিক, এনামুল জুনিয়র, শামসুর রহমানদের সঙ্গে সাত বছর ধরেই নিয়মিত যোগাযোগ তাঁর।এবার ঢাকায় এসে ক্রিকেট-সংশ্লিষ্ট কিছু পুরোনো মুখ দেখেও খুশি ম্যাকিন্স। আফসোস হতে পারে একটা কারণেই—তাঁর গড়া হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটটা আর নেই বিসিবিতে। তবে সেটির চিহ্ন ঠিকই খুঁজে পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটে, ‘ওটা যে বেশ কার্যকর ছিল তার প্রমাণ তো দেখাই যাচ্ছে। হয়তো সব সমস্যারই সমাধান হয়নি, তবে এটা সাহায্য করেছে। অনেক খেলোয়াড় এ থেকে উপকৃত হয়েছে।’ একাডেমির দায়িত্ব নিলে এইচপি ইউনিট বা ও রকম কিছু করার ইচ্ছা আছে ম্যাকিন্সের। ‘তিন ধরনের ক্রিকেট আছে এখন—টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি। দল যখন টেস্ট খেলতে যাবে, ওয়ানডে বা টি-টোয়েন্টির ক্রিকেটাররা তখন এখানে এসে ওয়ানডের প্রস্তুতি নেবে বা টেস্ট খেলোয়াড়েরা টেস্ট খেলে এসে আরও কাজ করবে’—ম্যাকিন্স ব্যাখ্যা করলেন এইচপি ইউনিটের কাজের ধরন।ঢাকায় এসে রিচার্ড ম্যাকিন্স কথা বলেছেন জাতীয় দলের নতুন কোচ রিচার্ড পাইবাসের সঙ্গেও। একাডেমি বা বয়সভিত্তিক ক্রিকেটের সঙ্গে জাতীয় দলের সম্ভাব্য যোগাযোগ কী রকম হবে, আলোচনা হয়েছে সেসব নিয়ে। একাডেমির দায়িত্ব নিলে অস্ট্রেলিয়ান এই কোচকে হয়তো পাশে পাবেন বাংলাদেশের মহিলা ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়া মহিলা দলের কোচ ছিলেন। সেই অভিজ্ঞতার কারণেই মেয়েদের দলের সঙ্গেও তাঁর সম্পৃক্তি চায় বিসিবি। ম্যাকিন্সেরও তাতে সায় আছে, ‘আমি তাদের সাহায্য করব। এটা কাজেরই অংশ।’