সাকিবদের প্রথম হার
বল হাতে দুই উইকেট পেলেও ব্যাটিং ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। ক্যারিবীয় প্রিমিয়ার লিগের কাল জয়ও পায়নি তাঁর দল বারবাডোজ ট্রাইডেন্টস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে সাকিবের দল হেরেছে ২৭ রানে। পাঁচ ম্যাচে এটি বারবাডোজের প্রথম হার। যদিও এখনো লিগের পয়েন্ট তালিকার শীর্ষেই আছে বারবাডোজ। ব্যবধানটা গড়ে দিয়েছিলেন মার্টিন গাপটিল। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের ৭৩ রানের ওপর ভর করে ৯ উইকেটে ১৪৯ রান তোলে গায়ানা। গাপটিলের ৫৫ বলের ইনিংসটিতে ছিল চারটি করে চার ও ছয়ের মার। মোহাম্মদ হাফিজ করেন ৩৫ রান। জেমস ফ্রাঙ্কলিনের সংগ্রহ ১৬। গাপটিল, হাফিজ ও ফ্রাঙ্কলিন ছাড়া গায়ানার কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের সংগ্রহ গড়তে পারেননি। বারবাডোজের সফলতম বোলার রায়াদ অম্রিত। ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন তিনি। সাকিবের ২ উইকেট ২৫ রানের খরচায়। টি-টোয়েন্টিতে ১৫০ রানের লক্ষ্যটা আহামরি কিছু নয়। তবে এ লক্ষ্যে ছুটতে গিয়েই মুখ থুবড়ে পড়ল বারবাডোজ। মাত্র ১৫ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারায় দলটি। ১৭ রানে প্রথম উইকেটের পতন। এরপর ডোয়াইন স্মিথ ও শোয়েব মালিক। দলীয় ৪৮ রানে স্মিথের (২৮) বিদায়ের পর শুরু হয় উইকেট-বৃষ্টি! দলীয় ৬৩ রানের মধ্যে ছয়টি উইকেট হারায় বারবাডোজ। তখনো উইকেটে ছিলেন মালিক। কার্লোস ব্রেথওয়েটকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনি। কিছুটা সফলও হন পাকিস্তানি এই ব্যাটসম্যান। সপ্তম উইকেটের দেখা পেতে বেশ অপেক্ষা করতে হয় গায়ানাকে। দলীয় ১০৪ রানে আউট হন ব্রেথওয়েট। ১০৬ রানের মাথায় পতন আরও দুটি উইকেটের। শেষ পর্যন্ত বারবাডোজ গুটিয়ে যায় ১২২ রানে, ইনিংসের দুই বল বাকি থাকতে। দলীয় সর্বোচ্চ ৪৮ রান করেন শোয়েব মালিক। সাকিব ৯ বল খেলে করেছেন মাত্র ৩ রান।
পাঁচ ম্যাচে দলটির অর্জন ৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে গায়ানা। তামিম ইকবালের দল সেন্ট লুসিয়ার অবস্থা শোচনীয়। পাঁচ ম্যাচে জয় কেবল একটি, অর্জন ২ পয়েন্ট। ছয় দলের এই প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় তামিমরা তলানিতে।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা: ১৪৯/৯ (২০ ওভার)
গাপটিল ৭৩, হাফিজ ৩৫, ফ্রাঙ্কলিন ১৬
রায়াদ ৩/২৭, সাকিব ২/২৫
বারবাডোজ: ১২২/১০
মালিক ৪৮, স্মিথ ২৮, ব্রেথওয়েট ১৮, হোল্ডার ১৬
হাফিজ ৩/১৯, সান্তোকি ২/২১, নারাইন ২/৪৬, জ্যাকবস ২/১৫
সূত্র: ক্রিকইনফো।