সাকিবদের প্রশংসায় চিমা
দিনের শুরু আর শেষের মধ্যে এমন অমিল! আইজাজ চিমার হাতে শুরুতে রীতিমতো ধ্বংসস্তূপ বাংলাদেশের ইনিংস। চিমাই তিন উইকেট তুলে বাংলাদেশকে বানিয়ে দিয়েছেন ৪৩/৪। সকালে এই চিমা-ত্রাসে কম্পমান বাংলাদেশই দিনশেষে ২৩৪/৫। প্রবল প্রতিপক্ষের দিকে এখন অন্তত চোখ তুলে তাকাতে পারছে স্বাগতিকেরা।পাঞ্জাবের পেসার চিমা তো বটেই, ৪ উইকেট পড়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে গোটা পাকিস্তানের বোলিংকেই ভোগাল। পঞ্চম উইকেটের জন্য অপেক্ষায় থাকতে হলো প্রায় দিনের শেষ পর্যন্ত। সাকিব-শাহরিয়ারের যুগল ব্যাটিং অন্ধকার সরিয়ে ফোটাল আলোর রেখা। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকেরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এই দুজনের কল্যাণেই।পাকিস্তানের পক্ষে দিনের সেরা ওই চিমা। কিন্তু তাঁর শুরুর উচ্ছ্বাসটা শেষ বিকেলে আর রইল না। সংবাদ সম্মেলনে এসে বরং সাকিব-শাহরিয়ারকেই ভেজাতে হলো প্রশংসায়!‘দুই ব্যাটসম্যানই (সাকিব-শাহরিয়ার) বল বুঝে ব্যাট করেছে। খারাপ শট এড়িয়েছে এবং ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা সঠিক জায়গায় বল রাখার চেষ্টা করেছি। কিন্তু সতর্ক দুই ব্যাটসম্যান ভুল করেনি।’ চার টেস্টে এখন পর্যন্ত ১৭ উইকেট পাওয়া চিমা কি একটু মুগ্ধও নন! বাংলাদেশের ব্যাটসম্যানরা মাথা তুলে দাঁড়িয়েছেন, এই দৃশ্য তো এই সিরিজে অনেকটা অচেনাই ছিল চিমাদের কাছে।সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন গেল—সাকিব-শাহরিয়ারকে বল করতে কতটা সমস্যা হয়েছে? ৩২ বছর বয়সে টেস্ট অভিষিক্ত চিমার উত্তর, ‘হ্যাঁ, সমস্যা তো হয়েছেই। ওরা ভালো ব্যাটিং করেছে। অধৈর্য হয়নি, অযথা বিগ শট না খেলে সিঙ্গেলসের দিকে মনোযোগ দিয়েছে বেশি।’এই সিরিজের বাংলাদেশের আগের ব্যাটিং আর কালকের সাকিব-শাহরিয়ারের ব্যাটিং পুরোই ভিন্ন। প্রতিপক্ষ বোলার হিসেবে পার্থক্যটা কোথায় দেখলেন? চিমার কথা, ‘দ্রুত উইকেট পড়লেও সাকিব ও শাহরিয়ার তাদের ব্যাটিং সামর্থ্যটা দেখিয়েছে, আগের ম্যাচগুলোতে যা সেভাবে দেখা যায়নি।’সকালে কন্ডিশন ছিল পেস বোলিং সহায়ক, সেটি কাজে লাগিয়েই বাংলাদেশের ব্যাটিংয়ে আবারও ধস নামিয়েছিল পাকিস্তান। বল হাতে সেই যজ্ঞের অগ্রণী চিমা সেটিই সামনে আনলেন, ‘কন্ডিশন ছিল ভালো বোলিং উপযোগী। আমরা সঠিক কাজটাই করার চেষ্টা করেছি। লাইন-লেংথে বল করে সাফল্য পেয়েছি।’তবে নাজিমউদ্দিনের উইকেট এর মধ্যে না থাকলে সাফল্য বড় হতো না। টিভি রিপ্লেতে কারও কারও মনে হয়েছে, ওপেনিংয়ে তামিমের সঙ্গী এলবিডব্লু ছিলেন না। নাজিমের উইকেটটা পেয়ে নিজেকে একটু ভাগ্যবান ভেবেছেন? প্রশ্নটায় প্রচ্ছন্ন খোঁচা থাকলেও চিমার ডেলিভারিটা বেশ নিরীহ, ‘আমি বল করেছি এবং আবেদন করেছি। আউট দেওয়ার ব্যাপার আম্পায়ারের।’চিমার আশাবাদ, ‘আমার জন্য আজকের (কালকের) সকালটা যেমন কাটল, কালও (আজ) তা ফিরিয়ে আনতে চাই। তবে এটা নির্ভর করছে আবহাওয়ার ওপর, আজকের সকালটা যেমন ছিল বোলিং সহায়ক।’বলাই বাহুল্য, সাকিব-মুশফিকরা তা হতে দিতে চাইবেন না।