সাকিবদের বাসেও ঢিল পড়েছিল
শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, পরশু ক্ষুব্ধ দর্শকদের দু-একটা ঢিল পড়েছে বাংলাদেশ দলের বাসেও। সেই ঢিলে বাসের কোনো ক্ষতি হয়নি। অধিনায়ক সাকিব আল হাসান তো বুঝতেই পারেননি এ রকম কিছু ঘটেছে, ‘ঢিল পড়লেও পড়তে পারে। তবে আমি বুঝতে পারিনি।’ অধিনায়ক না বুঝলেও এ ঘটনায় একটু যেন ভয়ই পেয়ে গেছেন বাংলাদেশ দলের বোলিং কোচ ইয়ান পন্ট।ক্রিকইনফো ওয়েবসাইটকে পন্ট বলেছেন, ‘আমার ধারণা, আমাদের বাসেও কিছু ছুড়ে মারা হয়েছিল। তবে কেউ আহত হয়নি, আতঙ্কিত হওয়ার মতোও কিছু ঘটেনি। লোকজন বাসের দিকে কিছু ছুড়ে মারছিল। তবে গতি খুব বেশি হওয়ায় বাসের গায়ে লেগে সেসব জিনিস ফিরে যাচ্ছিল।’ ঘটনাটাকে খুব সামান্য মনে হলেও ইংলিশ এই কোচ বলেছেন, ‘এটা হয়তো খুব সামান্য একটা ঘটনা। তবে এ ধরনের কিছুই ঘটা উচিত নয়। আমরা (বাংলাদেশ) বিশ্বকাপের স্বাগতিক দেশ এবং আমি নিশ্চিত, কাণ্ডটা কোনো ক্ষুব্ধ দর্শকই ঘটিয়েছে।’ঢিলের আঘাতে বাংলাদেশ দলের বাসের কিছু না হলেও ওয়েস্ট ইন্ডিজ দলের বাসের জানালার কাচ ভেঙে গেছে। তবে পন্ট নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজ দলের বাসকেও বাংলাদেশ দলের বাস মনে করেই ছুড়ে মারা হয়েছিল ওই ঢিলগুলো, ‘সব বাসই দেখতে এক রকম ছিল। তার ওপর আমাদের জানালার পর্দা ছিল নামানো। আমি ঠিক নিশ্চিত নই, বাইরে থেকে তারা আদৌ আমাদের দেখেছে কি না। তারা আন্দাজের ওপরই ছুড়ে মারছিল ওসব।’ ঢিল খাওয়ার পর টুইটারে ক্রিস গেইল যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, পন্টকে সহমত মনে হচ্ছে তার সঙ্গেও, ‘কারও এ রকম মনে হতেই পারে। দলগুলোকে অনেক নিরাপত্তা দেওয়া হচ্ছে। বিশ্বকাপেও অনেক নিরাপত্তা। এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে, নিরাপত্তাব্যবস্থা খুব ভালো মনে হচ্ছে। তবে এই ঘটনা হতাশাজনক। এবারের বিশ্বকাপে এটাই সম্ভবত এ রকম প্রথম ঘটনা।’ঢিল মারাটাকে কোনো ক্ষুব্ধ সমর্থকের আবেগের বহিঃপ্রকাশ মনে করলেও পন্ট বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের দিকে আপনি পাথর বা ইট ছুড়ে মারতে পারেন না। দিনশেষে তো এটা একটা খেলা ছাড়া আর কিছুই না।’প্রিয় দল খারাপ খেললে দর্শকেরা আবেগাক্রান্ত হয়, খেলোয়াড়দের গালমন্দ করে। কিন্তু এই ক্ষোভ সন্ত্রাস বা সংঘর্ষে রূপ নেওয়াটাই খারাপ খেলার জন্য। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর বন্দুক হামলার পর থেকে ছোটখাটো অপ্রীতিকর ঘটনাও এখন অনেক গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের বোলিং কোচ সেটাই মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘হঠাৎ কোনো বাসে আক্রমণ চালানো হলে আপনি তো বুঝতে পারবেন না আক্রমণটা কে করছে, কী নিয়ে করছে। প্রচণ্ড শব্দে বাসে কেউ কিছু ছুড়ে মারলে বোঝার উপায় থাকে না, আসলে কী ঘটছে।’এমন আচরণ অগ্রহণযোগ্য বললেও বাংলাদেশের দর্শকেরা প্রশংসাই পাচ্ছে পন্টের, ‘অনেক সমর্থকই আছে, যারা মুখে কিছু বলে তাদের অসন্তোষ জানাচ্ছে। তারা চিৎকার করে, খেলোয়াড়দের গালমন্দ করে। মানুষ টাকা খরচ করে আসে, ভালো না খেললে চিৎকার করবেই। তবে সেটা সংঘর্ষে রূপ নেওয়া কাম্য নয়।’পন্টের কথাই হয়তো ঠিক। তবে টুর্নামেন্ট চলাকালে এসব কথা তিনি বলতে পারেন কি না, সে প্রশ্ন উঠছে। ক্রিকইনফোতে আসা বক্তব্য সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ পন্টের দৃষ্টি আকর্ষণ করলে তিনি নাকি এর জন্য ক্ষমাও চেয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনই বলেছেন এ কথা, ‘বোলিং কোচের এসব কথা বলা উচিত হয়নি। তিনি দলের একজন সদস্য, মিডিয়ায় কিছু বলতে হলে তাঁকে অবশ্যই অনুমতি নিতে হবে। তবে এ নিয়ে বোর্ডের প্রধান নির্বাহী তাঁর ব্যাখ্যা চাইলে পন্ট সরি বলেছেন এবং স্বীকার করেছেন কাজটা তাঁর ঠিক হয়নি।’