সাকিবদের সামনে আরেক জানুয়ারি
মহেন্দ্র সিং ধোনিদের নিয়ে জেট এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরের রানওয়ে ছোঁবে দুপুর ১২টায়। আর কুমার সাঙ্গাকারাদের নিয়ে এমিরেটসের ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ৪০-এ। আজ থেকে ভালো করে পাওয়া যাবে গত কয়েক দিন হালকাভাবে ছড়াতে থাকা ত্রিদেশীয় সিরিজের উত্তাপটাও। আবার সেই জানুয়ারি, আবারও একটি ত্রিদেশীয় সিরিজ! গত জানুয়ারিতে দুটি ঘটনা প্রথম দেখেছিল ক্রিকেট বিশ্ব। ওয়ানডেতে ৬ রানের মধ্যেই কোনো দলের ৫ উইকেটের পতন, আর ব্যাট হাতে মুত্তিয়া মুরালিধরনের ম্যাচ জেতানো। প্রথমটি বাংলাদেশকে দেখিয়েছিল একবুক স্বপ্ন, দ্বিতীয়টি ভেঙে দিয়েছিল বুক। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ৬ রানে ৫ উইকেট তুলে নিয়েও শ্রীলঙ্কাকে ১৫২ রানের আগে আটকাতে পারেনি বাংলাদেশ। রুবেল হোসেনের দুঃস্বপ্নের দুটি ওভার শেষ করে দিয়েছিল শিরোপা-স্বপ্ন। ১৬ বলে ৩৮ রান করে মিরপুর স্টেডিয়ামে শেষ বিকেলের নায়ক হয়েছিলেন মুরালিধরন। বাংলাদেশের বছরটা শুরু হয়েছিল একটা অপূর্ণতা দিয়ে। ২০০৯ শুরুর সেই অপূর্ণতা ঢেকে দেওয়ার সুযোগ ২০১০-এর শুরুতে। এবারও ত্রিদেশীয় টুর্নামেন্ট, এবারও টার্গেট সেই শ্রীলঙ্কা।গত বছর টুর্নামেন্টের তৃতীয় দলটি ছিল জিম্বাবুয়ে। ফাইনালে যাওয়াটা তাই প্রত্যাশিতই ছিল। যদিও বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণ হয়েছিল উল্টো পথে, জিম্বাবুয়ের কাছে হেরে, শ্রীলঙ্কাকে হারিয়ে। শিরোপা পেলে সেটাই হতো বড় প্রাপ্তি। আর এবার বড় প্রাপ্তি হবে ফাইনাল খেলাটাই, টুর্নামেন্টের আরেক দল যে ভারত! গত বছরটা দুর্দান্ত কাটিয়েছে বাংলাদেশ। কিন্তু অনেকেই বলছেন, বাংলাদেশ আসলেই কতটা এগিয়েছে, তার প্রমাণ পাওয়া যাবে এই ত্রিদেশীয় সিরিজেই। এই টুর্নামেন্টটাই নাকি বাংলাদেশের আসল পরীক্ষা। মাশরাফি বিন মুর্তজাহীন দলটি ফাইনালে উঠতে পারলেই পরীক্ষায় পাস মার্ক পাওয়া যাবে সন্দেহ নেই। পাস মার্ক পেতে হলে তো আরেকটি দলকে ফেলও করাতে হবে। আর এখানেই বাংলাদেশের মূল লক্ষ্য হতে পারে শ্রীলঙ্কা। তাদের হারিয়েই বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছিল। এর পর বছরজুড়ে দারুণ পারফরম্যান্স এসব তো আছেই, সবচেয়ে বড় সাহসটা দিচ্ছে শ্রীলঙ্কার দলটি। লাহিরু থিরিমান্নে, সুরাঙ্গা লাকমল, মুথুমাদালিগে পুষ্পকুমারা, থিসারা পেরেরা এই নামগুলো।শ্রীলঙ্কার মতো দলে সুযোগ পেয়েছেন, তাঁদের খাটো করে দেখার অবকাশ নেই। পেরেরা, লাকমল, রণদিবরা ভারত সিরিজে প্রতিভার কিছু ঝলকও দেখিয়েছেন। কিন্তু সনাত্ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস নামগুলোর পাশে এই নামগুলো তো নিতান্তই শিশুতোষ! এমন নয় যে এঁদের হারিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়েও দুর্বল দল হয়ে গেছে। নিজের দিনে দিলশান, সাঙ্গাকারারা একাই বাংলাদেশকে হারিয়ে দিতে পারেন। আর বাংলাদেশকে পেলেই যাঁর রানক্ষুধা বেড়ে যায় সেই উপুল থারাঙ্গা তো আছেনই। তারপরও বাস্তবতা বলছে, এই শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশের পক্ষে খুবই সম্ভব।তার মানে এই নয় যে ভারতকে হারানো অসম্ভব বা ভারত অজেয়। ভারতকে হারিয়ে বাংলাদেশ পেয়েছিল কোনো টেস্ট খেলুড়ে দেশকে ওয়ানডেতে একাধিকবার হারানোর প্রথম স্বাদ। কিন্তু ধোনির দল যে যোজন-যোজন এগিয়ে তার প্রমাণ তো সাম্প্রতিক ভারত-শ্রীলঙ্কা সিরিজই। তফাত্টা পরিষ্কার আইসিসি র্যাঙ্কিংয়েও, ভারত দুইয়ে আর শ্রীলঙ্কা সাতে। শচীন টেন্ডুলকার আসছেন না জেনে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যতটা হতাশ হয়েছেন, ভারতীয় দলেও হয়তো ততটা হতাশা নেই। কারণ একসময়ের ‘টেন্ডুলকার-নির্ভর’ দলটিতে এখন ম্যাচ জেতানো খেলোয়াড়ের অভাব নেই।তবে শুরুর আগের হিসাব-নিকাশ যতই থাকুক, শেষ পর্যন্ত মাঠের লড়াইটাই আসল। সেই লড়াইয়ে বাংলাদেশ যদি গতবারের মতো ‘উল্টো পথে’ ফাইনালেও উঠে, ক্ষতি কী?