সাকিবহীন কলকাতার আরেকটি হার
সাকিব আল হাসান যথারীতি বসে থাকলেন ডাগ আউটে। প্রথম ম্যাচে অভিষিক্ত মার্চেন্ট ডি ল্যাঙ্গে ডুবিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে। কাল আইপিএল অভিষেকে তেমন কিছু করতে পারেননি সুনীল নারাইনও (৪-০-২৯-০)। কলকাতাও পারেনি ‘রাজস্থান দুর্গ’ জয় করতে। ২২ রানে জিতে রাজস্থান রয়্যালস পেল টানা দ্বিতীয় জয়। এ নিয়ে ঘরের মাঠ জয়পুরে ১৯ ম্যাচের ১৪টিই জিতল প্রথম আসরের চ্যাম্পিয়ন দল। দুই ম্যাচেও কলকাতার পয়েন্টের ঘর শূন্য।টানা দ্বিতীয় ম্যাচ ডাগ আউটে কেটেছে তামিম ইকবালেরও। তবে কাল কিংস একাদশ পাঞ্জাবকে ২২ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে তাঁর দল পুনে ওয়ারিয়র্স। নিজেরা ৬ উইকেটে ১৬৬ রান করার পর পাঞ্জাবকে ১৪৪ রানে বেঁধে রাখে সৌরভ গাঙ্গুলীরা। পুনের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন মারলন স্যামুয়েলস। রবিন উথাপ্পা করেছেন ৪০। ৮ উইকেট হারানো পাঞ্জাবের সর্বোচ্চ ৩৫ রান করেছেন আটে ব্যাট করা বিপুল শর্মা।জয়পুরে রাজস্থানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি কলকাতা। ব্র্যাড হজের ২৯ বলে ৪৪ ও অশোক মেনারিয়ার ৩০ বলে ৪০ রাজস্থানকে এনে দিয়েছিল ১৬৪ রান। ২৫ রানে ৪ উইকেট হারিয়েই ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়ে কলকাতা। যা একটু লড়লেন কেবল মনোজ তিওয়ারিই (৪৭ বলে ৫৯)। আগের ম্যাচে আইপিএল অভিষেকে ৪ উইকেট নেওয়া কেভন কুপার কাল পেয়েছেন ৩টি। ওয়েবসাইট।