সাকিবহীন বাংলাদেশে চোখ আফগানদের

এই তো কিছুদিন আগেই মোহামেডানের হয়ে খেলে গেলেন ঢাকা প্রিমিয়ার লিগ। তার আগে বিপিএলে খেলেছেন সিলেট রয়্যালসের হয়ে। বাংলাদেশের ক্রিকেটে মোটামুটি পরিচিত মুখই। তবে কাল দেখা গেল খানিকটা নতুন চেহারায়। ঠোঁটের ওপর পুরু গোঁফ, ঠোঁটের নিচেও খানিকটা কেশপুঞ্জ। ‘মিচেল জনসন লুক’ নিয়েছেন তবে মোহাম্মদ নবীও!
চাইলে আরেকটা জায়গায় মেলাতে পারেন দুজনকে। জনসনের মতো নবীও ক্রিকেট মাঠে ভয়ডরহীন। অবশ্য শুধু নবী নয়, ভয়ডরহীন ক্রিকেট আফগান ক্রিকেটেরই ‘ট্রেডমার্ক’। পারা না-পারা পরের কথা, মাঠে আফগানরা ছেড়ে কথা বলে না কাউকেই। ডিভিশন ফাইভ থেকে তরতরিয়ে সিঁড়ি বেয়ে বিশ্ব ক্রিকেটের অভিজাত মঞ্চে উত্থান এই ভয়ডরহীন ক্রিকেট খেলেই। গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর আখ্যানগুলোর একটি আফগান ক্রিকেটের রূপকথা। সেই আখ্যানে নতুন একটি অধ্যায়ের জন্ম দিতে ‘আফগান ক্যারাভান’ এখন বাংলাদেশে। নবীদের রোমাঞ্চকর গল্পের নতুন মঞ্চ এবার এশিয়া কাপ।
এমন অভিজাত মঞ্চ অবশ্য আফগানদের জন্য প্রথম নয়। ২০১০ ও ২০১২—দু-দুটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি এর মধ্যেই খেলা হয়ে গেছে। তবে ওয়ানডে ক্রিকেটে এত বড় টুর্নামেন্টে খেলার সুযোগ এই প্রথম। সুযোগটা কত বড়, সেটি বোঝা যাবে একটি তথ্যেই। এখন পর্যন্ত যে ২৭টি ওয়ানডে খেলেছে আফগানিস্তান, এর মাত্র দুটিই টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। ২০১২ সালে প্রতিপক্ষ ছিল পাকিস্তান, গত বছর অস্ট্রেলিয়া। এবার এক সপ্তাহের মধ্যে খেলবে চার-চারটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। কিছুদিন আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে জাতীয় উৎসবের উপলক্ষ এনে দিয়েছিল ক্রিকেট দলের ২০১৫ বিশ্বকাপ খেলা নিশ্চিত করা। এরপর আফগান ক্রিকেটে আরেক দফা আনন্দের ঢেউ বয়ে গেছে এশিয়া কাপে খেলার সুযোগ মেলার পর।
কাল সেটি ধরা পড়ল নবীর কণ্ঠেও, ‘বড় দলগুলোর বিপক্ষে খেলব, এই অনুভূতিটাই অন্য রকম। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতের বিপক্ষে খেলেছি, পাকিস্তানের বিপক্ষে শারজায় টি-টোয়েন্টি, ওয়ানডে খেলেছি। সেই অভিজ্ঞতা ছিল দারুণ। এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় অভিজ্ঞতাটা আরও ভালো হবে সন্দেহ নেই।’
নবীর এই কথাটি দারুণ সত্যি। আফগান ক্রিকেটের বিস্ময়যাত্রায় যেমন অভিভূত বিশ্ব ক্রিকেট, তেমনি প্রতিপক্ষ হিসেবেও আফগানিস্তান এখন অস্বস্তিকর এক নাম। এই এশিয়া কাপেই যেমন সব অধিনায়কই আলাদা করে বলছেন আফগানিস্তানের কথা। বিশ্ব ক্রিকেটের দৈত্যদের কাছ থেকে এমন সমীহ বেশ উপভোগ করছেন নবী, ‘আফগান ক্রিকেটের জন্য এটি দারুণ খবর, অধিনায়কেরা সবাই আমাদের নিয়ে কথা বলছে। অনেকেই এখন জানে আফগানিস্তান কেমন ক্রিকেট খেলে, আলোচনাটা হয়তো এ জন্যই। আশা করি, বড় দলগুলোকে আমরা কঠিন সময় উপহার দিতে পারব।’
বাস্তবতার নিরিখে, এই কঠিন সময় ‘উপহার’ দেওয়ার জন্য সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ। নবী অবশ্য সুনির্দিষ্ট করে সেটি বললেন না। তবে চোখ যে তাঁদের আগামী শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকেই, সেটি বেরিয়ে এল আরেক কথাতেই, ‘আমাদের দলের প্রায় অর্ধেক ঢাকা লিগে খেলেছে, ওই অভিজ্ঞতা এখানে হবে অমূল্য। আমরা শুনেছি, সাকিব তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে। সে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওর না থাকার সুবিধা নেওয়ার সব রকম চেষ্টা করব আমরা।’
আফগানদের হারানোর কিছু নেই, বাংলাদেশের আছে সবকিছু। এই প্রেক্ষাপটই আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি শঙ্কার। তবে শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান মাথাব্যথার কারণ হতে পারে অন্য তিন দলের জন্যও। কে জানে, আফগান ক্রিকেটের মুকুটে এবার হয়তো যোগ হবে সুদৃশ্য আরেকটি পালক!