সাকিবহীন ম্যাচে ঢাকার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় সাকিব আল হাসান ছিলেন না। তবে তারকা এই অলরাউন্ডার না থাকলেও আজ জয় পেতে এতটুকু সমস্যা হয়নি ঢাকা গ্ল্যাডিয়েটরসের। বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীকে ১৩ রানে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৭ রান তুলেছিল ঢাকা। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয় রাজশাহী।জয় পেতে প্রয়োজন ১৩৮ রান, রাজশাহীর সামনে আহামরি কোনো লক্ষ্য ছিল না। তবে এই লক্ষ্যের পেছনে ছুটেই রীতিমতো ধুঁকল জহুরুল ইসলামের দল। দলীয় ১৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তামিম ইকবাল। তাঁর ১৮ বলের সংক্ষিপ্ত ওই ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছয়ের মার। চামারা কাপুগেদারা করেন ৩১ রান। ঢাকার হয়ে আলফানসো টমাস, ক্রিস লিডল, সাকলায়েন সজীব ও মোশারফ হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন।এ ম্যাচে ঢাকার ইনিংসের শুরুটা হয় বাজেভাবে। দলীয় ২ রানে মোহাম্মদ আশরাফুলের (১) উইকেট হারায় দলটি। এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন সৌম্য সরকার ও এনামুল হক। উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য করেন ৩০ রান। সাজঘরে ফেরার আগে এনামুল করেন ২৫ রান। ঢাকার হয়ে সর্বোচ্চ সংগ্রহ ওয়াইস শাহের। ইনিংস শেষ হওয়ার সময় ৪৩ রানে অপরাজিত ছিলেন তিনি। রাজশাহীর হয়ে নাঈম ইসলাম জুনিয়র ও তাইজুল ইসলাম প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।