সাকিবে রঙিন এক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি দিনের সঙ্গেই ভালো পরিচয় আছে বাংলাদেশের। এর একটি আনন্দে ভাসিয়ে দেয়। চরাচর রাঙিয়ে দেয় সোনারোদ হাসিতে। আরেকটি কালো মেঘ হয়ে আসে বাংলাদেশের ক্রিকেটাকাশে। আচ্ছন্ন করে দেয় বিষাদে। এই প্রথম পুরো বিপরীত দুটি দিন মিলেমিশে একাকার হয়ে গেল।বাংলাদেশ জিতল। সেই জয়ের দিনেই ‘পুরোনো বন্ধু’র সঙ্গে আবার দেখা হয়ে গেল মাশরাফি বিন মুর্তজার। নাটকীয়তার নানা মাত্রা ছুঁয়ে ছুঁয়ে যাওয়া সিরিজের প্রথম ওয়ানডে ব্যঞ্জনাময় বহু মুহূর্তই উপহার দিল মিরপুরে। গভীরতম মুহূর্তটির জন্ম হলো ম্যাচ শেষে। যখন ক্রাচে ভর দিয়ে সংবাদ সম্মেলনে হাজির হলেন বাংলাদেশ-অধিনায়ক।এবং কী আশ্চর্য, হাসলেনও! ব্যক্তি বনাম ব্যক্তি লড়াই-ই ক্রিকেটের নির্যাস হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তো এটা দলীয় খেলাই। দলের সাফল্য তাই ব্যক্তিগত দুঃখে প্রলেপ বুলিয়ে দেয়। দেয় বলেই মাশরাফি হাসতে পারলেন।পাশে বসে সাকিব আল হাসান। তিনি তো হাসবেনই। নিউজিল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলটি করতে গিয়ে মাশরাফি অ্যাঙ্কেল মচকে বাইরে চলে যাওয়ার পর অধিনায়কত্ব করেছেন। এ কারণেও সংবাদ সম্মেলনে প্রার্থিত ছিলেন। মাশরাফি ওই দুর্ভাগ্যের শিকার না হলেও আসতে হতো। ম্যান অব দ্য ম্যাচকে যে আসতেই হয়।ব্যাটিংয়ে ৫৮ রানের পর বোলিংয়ে ৪ উইকেট—নিউজিল্যান্ড তো আসলে সাকিবের কাছেই হারল। নিউজিল্যান্ড দলে আন্তর্জাতিক ক্রিকেটে হাঁটি হাঁটি পা পা ক্রিকেটারের সংখ্যা অনেক। তাঁদের অনেকেই অধিনায়ককে প্রতিপক্ষের অলরাউন্ডারের গুণগান করতে দেখে অবাক হয়ে থাকবেন। কাল তাঁরা বুঝলেন, কেন সিরিজ শুরুর আগে ড্যানিয়েল ভেট্টোরি ‘সাকিবই আমাদের মূল প্রতিপক্ষ’ বলে ঘোষণা করে দিয়েছিলেন। প্রথম ম্যাচে নিজের ভবিষ্যদ্বাণী সত্যি বলে প্রমাণিত হওয়ায় ভেট্টোরির খুশি হওয়ার কোনো কারণই নেই। গম্ভীর মুখে শুধু বললেন, ‘সাকিবই দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।’বৃষ্টির কথাও বলতে পারতেন। বৃষ্টি খেলা থামিয়ে দেওয়ার সময় ১৫ ওভারে নিউজিল্যান্ডের রান ৪ উইকেটে ৮৫। আবার খেলা শুরুর পর পরিবর্তিত লক্ষ্যটা দাঁড়াল ৩৭ ওভারে ২১০। অর্থাৎ ওভার কমল ১৩, রান মাত্র ১৯। কিন্তু এটাও তো সাকিবেরই অবদান। বৃষ্টির ঠিক আগের ওভারে চার বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়েছেন বলেই না বৃষ্টিধারা বাংলাদেশের জন্য এমন আশীর্বাদ হয়ে গেল। ডাকওয়ার্থ-লুইসে উইকেটের যে অনেক মূল্য!বৃষ্টিতে কী হারালাম—এটা ভেবে খুব বেশি কাতর হওয়ার প্রয়োজন ছিল না নিউজিল্যান্ডের। নতুন করে ভাবলে ২২ ওভারে ১২৫ রান, হাতে ৬ উইকেট—এমন কোনো অসম্ভব ব্যাপার নয়। ২ ওভার বাকি থাকতেও তো ম্যাচে অনিশ্চয়তার দোলাচল। সেটিও স্থির হলো সাকিবেরই ছোঁয়ায়। শেষ ২ ওভারে ২১ রান—শেষ ওভারের অপেক্ষায় না থেকে নিজেই করলেন শেষের আগের ওভারটি। তাতে ৩ রান ও ১ উইকেট—বাংলাদেশের আকাশে-বাতাসে জয়ের সুবাস ছড়িয়ে দিলেন সাকিব। গত বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ফাইনালের স্মৃতি নিশ্চিত হতে দিচ্ছিল না তার পরও। শেষ ওভারটি করার জন্য বল হাতে নিয়ে নাজমুলেরও কি মনে পড়ছিল সেই মুরালি-তাণ্ডব?পড়ার কথা। দুর্দান্ত বোলিং করেও অমন অবিশ্বাস্য পরাজয়ের জ্বালা কীভাবে ভোলেন! কাল কিছুটা ভুললেন। প্রথম তিনটি বলেই এমন গতির ধোঁয়াশা যে, কাইল মিলস তাতে ব্যাটই লাগাতে পারলেন না। বাংলাদেশ চাইলে তখনই জয়োৎসব শুরু করে দিতে পারত।অথচ জয়োৎসব সেভাবে হলোই না। মাশরাফি-ট্র্যাজেডি তো আগেই হয়ে গেছে, ইনিংসের শেষ বলে তাঁর সঙ্গী হলেন নাজমুলও। মিলসের ড্রাইভকে ক্যাচ বানানোর চেষ্টায় আঙুল ফাটিয়ে চলে গেলেন সিরিজের বাইরে। হঠাৎ করেই আবির্ভূত হয়েছিলেন এই সিরিজে, নাজমুলের বিদায়েও সেটির সঙ্গে মিল থাকল।দুঃখ ভুলতে নাজমুল অবশ্য মাশরাফির কথা ভাবলেই পারেন। নিজেকে অভিশপ্ত ভাবলে দোষ দেবেন কিভাবে, বেচারার জীবনটাই তো কাটল ইনজুরিতে ইনজুরিতে! পিঠ, হাঁটু, অ্যাঙ্কেল—সবই তো জর্জরিত। যেন সেফটি পিন দিয়ে জোড়া দেওয়া এক শরীর। কোথায় কবার তাঁর মুখস্থ। সর্বশেষ ইনজুরি সম্পর্কে যেমন বললেন, ‘অ্যাঙ্কেলে থার্ড টাইম এমন হলো।’ বললেন খুব স্বাভাবিক ভঙ্গিতে। কিন্তু সেটিই যে কী করুণ শোনাল!অথচ এই ম্যাচে বাংলাদেশ-অধিনায়কের ১০০ মাইলের মধ্যে ‘করুণ’ শব্দটির প্রবেশাধিকার পাওয়ার কথা ছিল না। শব্দটা ব্যবহূত হতে পারত একমাত্র আম্পায়ারিং সম্পর্কে। মাঠের আম্পায়ার, টিভি আম্পায়ার সবাই যেন প্রতিযোগিতায় নেমেছিলেন বিতর্কের রসদ জোগাতে। টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ভুল করে জুনায়েদের স্টাম্পিং দিলেন না। শ্যানন স্টুয়ার্টকে আউট দিতে গিয়ে লাল বাতির বদলে প্রথমে জ্বালিয়ে দিলেন সবুজ বাতি।শাবির তারাপোরে মাহমুদউল্লাহর ফুলটসে ক্যাচ হওয়ার পর ভেট্টোরিকে আউট দিয়েও নিউজিল্যান্ড অধিনায়কের আপত্তিতে টিভি আম্পায়ারের শরণাপন্ন হলেন। ওই ফুলটসকে বিমার রায় দিয়ে আউটের সিদ্ধান্ত বাতিলও হলো। যেটি নিয়ে কিউই টিভি ধারাভাষ্যকার ড্যানি মরিসন পর্যন্ত দেশপ্রেম ভুলে হাসাহাসি শুরু করলেন।শুধু বাংলাদেশ জিতেছে বলেই আম্পায়ারদের এই কাণ্ডকীর্তি ম্যাচ রিপোর্টের শেষে এল। জয়ের দিনে যে সবাইকে ক্ষমা করে দিতে ইচ্ছে করে!