
গেলেন, দেখলেন, জয় করলেন—অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে সাকিব আল হাসানের শুরুটা প্রায় এমনই হলো। না, সিডনি সিক্সার্সের বিপক্ষে কাল জিততে পারেনি সাকিবের দল। কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ কেএফসি বিগ ব্যাশে বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্রতিনিধি হিসেবে সাকিব ঠিকই জিতলেন।
চোটের কারণে অধিনায়ক ইয়োহান বোথা ১৮ জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না। তাঁর জায়গায় অ্যাডিলেড স্ট্রাইকার্স ঢাকা থেকে উড়িয়ে নিয়ে গেছে সাকিবকে। নিয়ে যে তারা ভুল করেনি, অ্যাডিলেড ওভালে কাল ব্যাট-বল দুটিতেই সেটা প্রমাণ করলেন সাকিব। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান (৩০ বলে), বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট—দল জিতলে নিশ্চিতভাবেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা উঠত এই অলরাউন্ডারের হাতেই। কিন্তু দুর্ভাগ্য, বাকিদের নিষ্প্রভতায় অ্যাডিলেড স্ট্রাইকার্স ম্যাচ হেরে গেছে ৬ উইকেটে।
জিততে না পারায় আফসোস আছে সাকিবের। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছার পরদিনই ম্যাচ খেলতে নেমে নিজে যা করেছেন, তাতে তিনি খুশি। ম্যাচ শেষে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার জন্য ম্যাচটা ভালোই হয়েছে। আমি গতকালই (পরশু) এসে পৌঁছেছি এবং সরাসরি মাঠে খেলতে নেমে গেছি। আল্লাহকে ধন্যবাদ যে আমি ভালো খেলেছি।’ ব্যাটিং নিয়ে সন্তুষ্টির কথাটা বলেছেন আলাদা করেই, ‘ভালোই ব্যাট করছিলাম। হয়তো আরও ভালো করতে পারতাম, তবে যেটা করেছি তাতেই আমি খুশি। চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো খেলতে।’
সাকিব ব্যাট হাতে নামলেন ছয় নম্বরে। ততক্ষণে অ্যাডিলেড স্ট্রাইকার্সের ড্রেসিংরুমে মাতম, ৩২ রানে ৪ উইকেট নেই! অন্ধকার সেই ড্রেসিংরুমে আলো জ্বালল সাকিবের ব্যাট। পঞ্চম উইকেটে নাথান রিয়ারডনের সঙ্গে তাঁর ৮০ রানের জুটিতেই দলের স্কোরটা ভদ্রস্থ চেহারা পায়। ৩০ বলে ৪৬ রানে তিন বাউন্ডারি সাকিবের, সঙ্গে স্টিভ ও’কিফ আর ময়েজেস হেনরিকেসকে ছক্কা হাঁকিয়েছেন দুটি। অবশ্য আউটও হয়েছেন ছক্কা মারতে গিয়েই। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে জশ হেজলউডকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ হয়েছেন ও’কিফের।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের ১৪৯ রান পাঁচ বল বাকি থাকতেই টপকে গেছে সিডনি সিক্সার্স। বল হাতে তাদের যা একটু বিপদে ফেলেন ওই সাকিবই। নিজের প্রথম ওভারে ৯ রান দিয়ে ফেললেও পরের ওভার থেকেই যেন বল তাঁর কথা শুনতে লাগল। এই ওভারে মাত্র ২ রান দিয়ে হেনরিকেসকে ফেলেছেন এলবিডব্লুর ফাঁদে। আর তৃতীয় ওভারে ৫৪ রান করা ওপেনার মাইকেল লাম্বকে ক্যাচ বানালেন কাভারে। ৯ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে পরের ম্যাচ খেলবে সাকিবের অ্যাডিলেড স্ট্রাইকার্স।