সাকিবের আফসোস! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-গ্রামীণফোন ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে আজ রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত ক্রীড়াঙ্গনের এ মিলনমেলায় বিশেষভাবেই সবার নজর কেড়েছেন সাকিব আল হাসান। ২০০৯ ও ২০১১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটা উঠেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের হাতেই। আফসোস শুধু মাঝের ২০১০ সালটা। প্রথমবারের মতো ক্রিকেট অঙ্গনের বাইরের কোনো খেলোয়াড়ের কাছে গিয়েছে এ পুরস্কারটা। পেশাদারি গলফে বাংলাদেশের হয়ে সম্মান অর্জন করার জন্য ২০১০ সালের বর্ষসেরা হয়েছেন সিদ্দিকুর রহমান।দুই বছরের বিরতির পর এবার আবার আয়োজিত হয়েছে প্রথম আলো-গ্রামীণফোন ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠান। আগের দুই বছর ২০০৯ ও ২০১০ সালের সেরা ক্রীড়াবিদ পুরস্কারও দেওয়া হয় এ আলো ঝলমলে আসরে। প্রথমেই ২০০৯ সালের সেরা ঘোষণার পালা। ২০০৮ সালের পর টানা দ্বিতীয়বারের মতো এ পুরস্কারটা পান সাকিব আল হাসান। ২০১০ সালের সেরা ক্রীড়াবিদ পুরস্কারটা ছিল ব্যতিক্রম। এবারই প্রথমবারের মতো ক্রিকেট অঙ্গনের বাইরের ক্রীড়া তারকা গলফার সিদ্দিকুর রহমান পান এ সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি। ২০১১ সালে আবারও সাকিব। প্রথমেই পান দর্শকদের ভোটে নির্বাচিত সেরা ক্রীড়াবিদের পুরস্কার। শেষে জুরিদের চুলচেরা বিশ্লেষণেও সেরা ঘোষিত হন আইসিসি ওয়ানডে ও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ এই অলরাউন্ডার। পুরস্কার নিতে এসে দর্শকদের কিছুটা হাস্যরস উপহার দিলেন সাকিব। বললেন, ‘আমি কিছুটা হতাশ।’ কেন? পরে নিজেই ব্যাখ্যা করলেন ব্যাপারটা। বললেন, ‘আমি মেসির খুব ভক্ত। মেসি টানা তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছে। ভেবেছিলাম আমিও পাব।’ তবে ২০১০ সালের সেরা ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমানকে অভিনন্দন জানাতে ভোলেননি সাকিব। পুরস্কারটা যে এই গলফারের প্রাপ্য ছিল সেটাও স্বীকার করেছেন।২০০৬ সালে প্রথম আলো-গ্রামীণফোন ক্রীড়া প্রতিযোগিতার বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রতিভা যে আছে সেটা জানান দিয়েছিলেন সেবারই। তারপরের পাঁচটি বছরের মধ্যে তিনবারই বর্ষসেরার মুকুটটি পড়লেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব অঙ্গনে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও রেখেছেন অগ্রণী ভূমিকা। এখন এ ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভবিষ্যতে এই মুকুট আবার পড়তে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।