সাকিবের ওই সময় এখনো আসেনি
সাকিব আল হাসানের সবটাই কি কেউ দেখেছেন? হয়তো দেখেছেন বাউন্ডারি মারার পর তাঁর কাঁধের ঝাঁকুনি কিংবা সেঞ্চুরির পর বিনম্র উদ্যাপন। হয়তো দেখেছেন, কঠিনকে সহজভাবে নেওয়ার মানসিকতায় এক টুকরো অলংকার হয়ে ঠোঁটের কোণে ঝুলে থাকা স্মিত হাসিটা। কিন্তু সাকিব কি এখানেই শেষ! আর কোনোভাবে কি দেখার নেই বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় তারকা হয়ে ওঠা টগবগে এই তরুণকে?ক্রিকেটের একনিষ্ঠ দর্শক নিশ্চয়ই আরেকটা জিনিসও দেখার অপেক্ষায় আছেন। আছেনই বলতে হবে, কারণ সেই জিনিসটা দেখি দেখি করেও দেখা হচ্ছে না এখনো। দুঃসময়ে সাকিবের স্মিত হাসি কি বেদনা ছড়িয়ে মিলিয়ে যায়, দেখার আছে সেটা। রানের নেশায় উন্মত্ত হয়ে ওঠা ব্যাট রানখরায় কী করে কুঁকড়ে যায়...সেরা সময়ের সাকিব বিভ্রান্ত সময়ে পথ হারানো পথিক নাকি নতুন পথের আবিষ্কারক কোনো কলম্বাস, জানতে ইচ্ছে করে সেই অজানাকেও।খারাপ সময়ে সাকিব কেমন, অদেখা ওই অধ্যায়টা দেখার ‘মোক্ষম’ একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল কাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খুব যে মহাকাব্য লিখে ফেলেছেন, তা নয়। বাংলাদেশের ৯ উইকেটে করা ২৪৯ রানে সাকিবের ৪৭-এর একটাই বিশেষত্ব—এটা দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তারপরও এই ৪৭ খারাপ সময়ের আগমন পথে সাকিবের তুলে দেওয়া একটা ছোট দেয়াল। সামনের সময়টা সাকিবের জন্য খারাপ যাবে না ভালো, সে হিসাবে আসবে না আইডিয়া কাপের প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স। ১ আর ০ রানে ফিরে যাওয়া সাকিবের চেয়ে ৪৭ রানের সাকিবকেই তো বেশি মনে রাখার কথা!গতকালেরটি বাদ দিয়ে সাকিবের গত পাঁচটি ইনিংসের দিকে তাকান। গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় অপরাজিত ১০৫ রান করার পর অপরাজিত ৫, ২০, ১ ও ০। মাঝখানে ঘরোয়া ক্রিকেটও দারুণ এক বিভীষিকা উপহার দিয়ে গেছে তাঁকে। আবাহনীর হয়ে ১০ ম্যাচ খেলে মাত্র ১৭৮ রান, ফিফটি নেই একটাও, সর্বোচ্চ ইনিংস ৪২ রানের। প্রিমিয়ার লিগে শিরোপাপ্রত্যাশী কোনো দলের অধিনায়কের পারফরম্যান্স যদি এই হয়, কল্পনা করে নিতে পারেন সমর্থকদের চাপ কতটা ভারী হয়ে বসে যায় তাঁর মাথার ওপর। সেই চাপের কদর্য রূপও সাকিব দেখেছেন মোহামেডানের বিপক্ষে শিরোপা হারানোর ম্যাচে। পারফরম্যান্স নেই, অধিনায়কত্বে গেঁথে যাওয়া প্রশ্নের তীর সাকিবকে যেন মুদ্রার উল্টো পিঠটাও দেখাতে শুরু করল। এরপর এই সিরিজের প্রথম দুই ম্যাচের ব্যর্থতা। ২০০৯ সালটা স্বপ্নের মতো কাটানোর পর কি তাহলে সেই অদেখা ভুবনটাও দেখতে শুরু করলেন সাকিব! যে ভুবনের দেখা পেতে চান না কোনো ক্রিকেটারই।সাকিব আল হাসানের ক্যারিয়ারে কালকের ৪৭ রান হয়তো এক বিন্দু জল। তবে এটাও তো ঠিক, এই এক বিন্দু জলই মুছে দিতে পারে বুকের কোণে ক্রমেই জমাট হতে থাকা খারাপ সময়ের আশঙ্কাটা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার, আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পাওয়া, উইজডেন ক্রিকেটার ম্যাগাজিনের বর্ষসেরা ক্রিকেটার, প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে উস্টারশায়ারের হয়ে কাউন্টিতে নাম লেখানো এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ দলের একটার পর একটা সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া—আগের বছর এতসব অর্জনের পর ২০১০ সাল নিশ্চয়ই বড় স্বপ্ন এঁকেই শুরু করেছেন সাকিব। কিন্তু ঘরোয়া ক্রিকেটের ব্যর্থতার ধারাবাহিকতায় বছরের প্রথম দুই ম্যাচের ওই ব্যাটিং, সঙ্গে দুটো সহজ ক্যাচ ফেলা প্রবল আত্মবিশ্বাসী সাকিবকেও নিশ্চয়ই নাড়া দিয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো নিজের কাছেই নিজে জানতে চেয়েছেন, ‘তবে কি এই শুরু...?’উত্তরটাও সাকিব কাল নিজেই দিলেন।