সাকিবের কথায় ল-র সায়
বছর দেড়েক শ্রীলঙ্কার সহকারী কোচ ছিলেন। উপমহাদেশের ক্রিকেট প্রশাসন সম্পর্কে ভালোই ধারণা থাকার কথা স্টুয়ার্ট ল-র। সেই ল-কেও দারুণ এক বিস্ময় ‘উপহার’ দিতে সমর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সফরের পর কিছুদিন ছুটিতে ছিলেন বাংলাদেশের নতুন কোচ। দিন দুয়েক আগে মেইল খুলে হঠাৎ আবিষ্কার করলেন, যাঁর সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন, সেই অধিনায়ককে অব্যাহতি দিয়েছে বোর্ড!ছুটি কাটিয়ে পরশু দেশে এসেছেন। কাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ল জানালেন তাঁর বিস্ময়ের কথা। মাস খানেক হলো প্রথম একটা দলের মূল কোচের দায়িত্ব নিয়েছেন। এখন নিজেকে গুছিয়ে নেওয়ার সময়। কিন্তু সুযোগ পাচ্ছেন কোথায়! দায়িত্ব নেওয়ার সপ্তাহ খানেক পরই যেতে হলো সফরে। সেখানে মাঠে বাজে পারফরম্যান্স, মাঠের বাইরে বিতর্ক। খানিক অবসরের পর উল্টো আরেকটা ধাক্কা। পূর্ণাঙ্গ কোচ হিসেবে যাত্রার শুরুতেই এমন ‘অভিবাদন’, একটু কি বিব্রতকর নয়? মুচকি হাসিতে ল-র উত্তর, ‘বোর্ডের কাজ বোর্ড করবে, আমি ক্রিকেট নিয়েই থাকব।’কিন্তু বোর্ডের কাজ কি বোর্ড ঠিকভাবে করছে? বাধ্যতামূলক নয়, তবে অধিনায়ক, সহ-অধিনায়ককে সরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় কোচের সঙ্গে আলোচনা করা সাধারণ রীতি। সেই রীতির ধার ধারেনি বিসিবি। নেহাত ভদ্রলোক আর নতুন চাকরি বলেই হয়তো ল ব্যাপারটাকে কিছুটা আড়াল করতে চাইলেন, ‘আমার সঙ্গে আলোচনা করা হয়নি। তবে আমি ছুটিতে ছিলাম। হয়তো যোগাযোগ করার উপায় ছিল না। আমি যা বুঝলাম, শুধু জিম্বাবুয়ে সফরের জন্য নয়, আগে থেকে চলে আসা কিছু ঘটনার কারণে বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। এখন বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং ভালো খেলতে হবে।’কাল ল-র কথোপকথনে উত্তর মিলেছে বাতাসে ভেসে বেড়ানো আরও বেশ কিছু প্রশ্নের, দূর হয়েছে কিছু বিভ্রান্তি। জিম্বাবুয়ে সফরে হেড অব ডেলিগেশন শফিকুর রহমান মুন্না ও নির্বাচক হাবিবুল বাশারকে ড্রেসিংরুম থাকতে মানা করেছিলেন সাকিব—কিছু সংবাদমাধ্যমের খবরের সূত্রে এ ধারণা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। কিন্তু সাকিব দাবি করেছিলেন, তিনি বা তাঁর সতীর্থরা নন, নিষেধ করেছিলেন কোচ। ল নিজেও কাল মেনে নিলেন সাকিবের দাবি, ‘কোনো ক্রিকেটার কিন্তু আমাকে এসে বলেনি তাঁদের বের করে দিতে। আমি নিজেই সবকিছু খেয়াল করে ক্রিকেটারদের জিজ্ঞাসা করেছি। ওরা বলেছে, ‘‘হয়তো, হয়তো তাঁরা না থাকলে আমাদের জন্য ভালো হতেও পারে।’’ ওদের কেউ আমাকে এসে বলেছে, এটা মোটেও সত্য নয়।’ এ পদক্ষেপের পেছনে ল-র ব্যাখ্যাটাও যথেষ্ট যুক্তিসংগত, ‘দেখুন, আমি অনেক দিক থেকেই আলাদা। জীবনে এই প্রথম আমি দেখলাম হেড অব ডেলিগেশন এবং নির্বাচক ম্যাচের প্রতিটি অংশে, দিনের প্রতিটি মিনিট ড্রেসিংরুমে থাকছে। আমার জন্য এই অভিজ্ঞতা নতুন। তারা ড্রেসিংরুমে থাকলে ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। আমি ক্রিকেটারদের স্বার্থের কথা ভেবেছি। ওদের ভালো ক্রিকেট খেলার পরিবেশ তৈরি করে দিতে চেয়েছি। ড্রেসিংরুম হলো খেলোয়াড়দের অভয়ারণ্যের মতো। নিজেদের নিয়ে, খেলা নিয়ে ভাবার জন্য, পরিকল্পনা করার জন্য সব খেলার খেলোয়াড়দেরই জায়গা দরকার।’সাকিব-তামিমের সঙ্গে সতীর্থদের সম্পর্ক উষ্ণ নয়, ড্রেসিংরুমের পরিবেশ ভারী—কখনো অকাট্য প্রমাণ না পাওয়া গেলেও কীভাবে যেন বাংলাদেশে এসব ধারণা জনপ্রিয় হয়ে গেছে! সংক্ষিপ্ত সময়ে ল-র ড্রেসিংরুম অভিজ্ঞতা কিন্তু অন্যকিছু বলছে, ‘আগে দেখা ড্রেসিংরুমের সঙ্গে বাংলাদেশের ড্রেসিংরুমের কোনো পার্থক্য চোখে পড়েনি। অধিনায়ক, সহ-অধিনায়ককে সতীর্থরা ওদের শ্রদ্ধা করে, ওরাও সতীর্থদের শ্রদ্ধা করে। ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে কিছু সংবাদমাধ্যমে যা এসেছে, এসব সত্যের ধারেকাছেও নেই। আমি যা দেখেছি, এই ছেলেরা দারুণ শৃঙ্খলাপরায়ণ।’বিস্ময়টা তবু এই পর্যন্ত সীমিত ছিল। কোচের সঙ্গে উদ্ধত আচরণ করায় তামিম-শাহরিয়ারের জরিমানা করতে যাচ্ছে বোর্ড, এটা শুনে রীতিমতো আকাশ থেকে পড়লেন ল। শুরুতে তো বুঝতেই পারছিলেন না, ‘কী সেটা? আই হ্যাভ নো আইডিয়া! কেউ কিছু করেনি...আমি বুঝতে পারছি না...আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে, আমি তো জানি না!’যখন বলা হলো, হেড অব ডেলিগেশনের রিপোর্টে এমন একটা ঘটনার উল্লেখ আছে, ল-র চোখেমুখে তখন অবিশ্বাস, ‘এটা ছিল ড্রেসিংরুমের ভেতরের কথাবার্তা, আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছিল। কিন্তু এটা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। ডান অ্যান্ড ডাস্টেড!’ হায় রে ‘হেড অব ডেলিগেশন’, হায় রে বিসিবি!