সাকিবের কলকাতা প্রথমবারের মত ফাইনালে
আইপিএলে প্রথমবারের মত ফাইনালে উঠল কলকাতা। আজ প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠল শাহরুখের দল। কাল বুধবার চেন্নাই ও মুম্বাইয়ের খেলা। আজকের পরাজিত দল দিল্লি ও কালকের চেন্নাই ও মুম্বাইয়ের জয়ী দলের সঙ্গে খেলবে। ওই ম্যাচ হবে ২৫ মে, শুক্রবার। শুক্রবারের জয়ী দল ২৭ মে, রোববার ফাইনালে খেলবে কলকাতার সঙ্গে। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংসটি খেললেও আজ দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে ব্যাট হাতে সাফল্য পাননি সাকিব আল হাসান। তবে বল হাতে ৪ ওভারে ৩৬ রান দিলেও নিয়েছেন ভেডিভ ওয়ার্নারের উইকেটটি।৪ নম্বরে ব্যাট করতে নেমে ফিরে গেছেন মাত্র ১ রান করে। তবে বাকি ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ে দিল্লির সামনে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় কলকাতা।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দ্রুতগতিতেই করেছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। মাত্র ১৬ বলেই করেছিলেন ৩২ রান। কিন্তু ষষ্ঠ ওভারে দুর্ভাগ্যবশত রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। এরপর রানের গতি বেশ খানিকটা কমে যায়। ১৬তম ওভারের শেষ বলে যখন ক্যালিসও ৩০ রান করে সাজঘরে ফেরেন তখন স্কোর বোর্ডে জমা হয়েছে মাত্র ১০৬ রান। তার আগে সাকিব (১) ও আরেক ওপেনার ব্র্যান্ডন ম্যাককালামও (৩১) ফিরেছেন সাজঘরে। কিন্তু এরপর দুর্দান্ত ঝোড়ো ব্যাটিং করে দলকে লড়িয়ে পুঁজি এনে দেন ইউসুফ পাঠান ও লক্ষ্মী শুক্লা। পাঠান খেলেন ২১ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস। এটাই আজকে কলকাতার পক্ষে সর্বোচ্চ রান। শুক্লার ব্যাট থেকে আসে ২৪ রান। শেষ চার ওভারে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ৫৬ রান। দুজনই শেষপর্যন্ত অপরাজিত ছিলেন।জবাবে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান তোলে দিল্লি। দলের পক্ষে ৩৩ বলে ৪০ রান করে জয়াবর্ধনে। ক্যালিস ও নারাইন দুটো করে সাকিব, বালাজি, আব্দুল্লাহ, ভাটিয়া একটি করে উইকেট নেন।