মাঠে অনেক সময় হয়তো আমার হাত থেকেও ক্যাচ পড়ে। তবে মাঠের বাইরে থেকে ওটা দেখতে আমার কখনোই ভালো লাগে না। অথচ ঢাকা টেস্টের তৃতীয় দিনে সেটাই দেখতে হলো দুবার। ৩৪ রানে ইশ সোধির ক্যাচ ছাড়ল সোহাগ আর তামিম।
সোধিকে আরও আগে ফেরানো গেলে তৃতীয় দিনের শেষটা আমাদের জন্য অন্য রকমও হতে পারত। বোলিং আমাদের ভালো হয়েছে। কিন্তু সময়মতো উইকেট নিতে পারিনি। সেটা পারলে আমরা ১০০ রান লিডও নিতে পারতাম তৃতীয় দিন শেষে। তবে আমি এখনো আশা ছাড়িনি। চতুর্থ দিনের শুরুতেই অলআউট করে দিতে হবে নিউজিল্যান্ডকে। এরপর ধৈর্য ধরে ব্যাটিং। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কেমন ব্যাটিং করে তার ওপরই নির্ভর করছে ঢাকা টেস্টের ফলাফল।
উইকেট যেভাবে একটু একটু করে চরিত্র বদলাচ্ছে তাতে উইকেটে পড়ে না থাকলে রান আসবে না। ব্যাটসম্যানরা ভালো বলে আউট হয়ে গেলে কিছু করার নেই। তবে কেউ যদি একবার সেট হয়ে যায়, সে যেন এক শ করেই দায়িত্ব শেষ না করে। প্রথম টেস্টে মমিনুল সেঞ্চুরিটাকে ১৮০-তে নিয়ে গিয়েছিল। এই টেস্টেও ব্যাটসম্যানদের কাছে সে রকম দায়িত্বশীল ইনিংস চাই। তখন রান যেমন আসবে, সময়ও কেটে যাবে অনেকটা।
সকালে অনুশীলনে থাকার কারণে অ্যান্ডারসনের ব্যাটিংটা দেখা হয়নি। তবে পরে হাইলাইটস দেখেছি। ভালো ব্যাটিং করেছে ও। নিজের ওপর চাপ নেয়নি। বাজে বলে মেরেছে। ভালো ইনিংসের কৃতিত্ব তাঁকে দিতেই হবে।
আমাদের বোলাররা ভালো বল করলেও উইকেট পেতে হলে আসলে বিশেষ কিছু থাকতে হয়। মুরালিধরন বা আজমলরা বলে বলে উইকেট নিতে পারে। আমাদের সে রকম বোলার নেই। আমাদের বোলাররা উইকেট পায় ব্যাটসম্যানের রানের গতি আটকে রেখে চাপে ফেলে। উইকেট ক্রমেই ভালো হয়ে উঠছে বলে কাজটা সহজ হওয়া উচিত আমাদের বোলারদের জন্য।
সাকিব এর মধ্যেই সেটা করে দেখিয়েছে। আর আমি তো আগেই বলেছিলাম, মিরপুরে খেলা মানেই সাকিবের কিছু না-কিছু করা। ওর কাছ থেকে এবার ব্যাটিংটা সেভাবে পাইনি। সেটা পেলে হয়তো এই টেস্টে আমরা আরও ভালো অবস্থায় থাকতাম। তবে দ্বিতীয় ইনিংস এখনো বাকি। আশা করি, সাকিব এবার ব্যাট হাতেও সাফল্য পাবে।
অভিষেক টেস্টে ভালো একজন ব্যাটসম্যানের উইকেট নিয়েছে আল আমিন। তবে ওর অভিষেকটাকে সে কত উইকেট পেল, তা দিয়ে বিবেচনা করব না আমি। নতুন হিসেবে ভালো বল করেছে। কোনো চাপ নেয়নি। আমার মনে হয়, ওর এই জিনিসটাকে আরও বেশি করে কাজে লাগানো উচিত।