প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না পাওয়ার দিনেও একটা প্রাপ্তি। সাকিব আল হাসান কাল ঢুকে গেলেন একই মাঠে কমপক্ষে ১ হাজার ওয়ানডে রান করা ২৯ জনের তালিকায়। এঁদের মধ্যে সনাত্ জয়াসুরিয়া, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, মারভান আতাপাত্তু, অরবিন্দ ডি সিলভা ও মাহেলা জয়াবর্ধনে ভিন্ন দুটি মাঠে এক হাজার রান করেছেন। সবচেয়ে বেশি ১৫ বার এক মাঠে হাজার রান পূর্ণ হয়েছে শারজা স্টেডিয়ামে। এক মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি জয়াসুরিয়ার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ওয়ানডেতে জয়াসুরিয়া করেছেন ২৫১৪ রান। এক মাঠে ২ হাজার রান করা আর তিনজন: ইনজামাম-উল হক (শারজায়, ২৪৬৪), সাঈদ আনোয়ার (শারজায়, ২১৭৯) ও রিকি পন্টিং (মেলবোর্নে, ২১০৬)। সাকিবের কৃতিত্ব বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩২ ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি মিলিয়ে সাকিব করেছেন ১০১২ রান।