সাকিবের কৌশলেরও জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌশল নিয়ে প্রশ্ন করলে সেটা সুকৌশলে এড়িয়ে যান সাকিব আল হাসান। কৌশল বলে দিলে আর কৌশল ঠিক করে লাভ কী? কৌশল হলো ম্যাচ জয়ের নীলনকশা। কৌশল যত গোপন রাখা যায় ততই ভালো। কৌশল ফাঁস হয়ে গেলে সব শেষ!ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কাল কী কৌশল নিয়ে খেলতে নামল, সেটা তাই আগে থেকে জানার উপায় ছিল না। যে কৌশল নিয়েই নামুক, সাকিব আল হাসান সফল। তাঁর টস-ভাগ্যটা আগে ছিল ভীষণই খারাপ, কিন্তু এই বিশ্বকাপে দুর্দান্ত রকমের ভালো। বিশ্বকাপের আগ পর্যন্ত ৩৩টি ওয়ানডেতে অধিনায়কত্ব করে মাত্র ১১টিতে টস জিতেছিলেন। আর বিশ্বকাপে পর পর চার ম্যাচে টস জয়—টসদেবী যেন মুখই ফেরাতে পারছে না সাকিবের ওপর থেকে! টস জিতে কাল সাকিব নিলেন ফিল্ডিং। আগে বোলিং করলে বোলার-ফিল্ডারদের কাছ থেকে একজন অধিনায়ক যা যা চান, সবই নিলেন দুহাত ভরে। বোলারদের ভালো বল, ফিল্ডারদের দুর্দান্ত ক্যাচ আর গ্যালারিতে লাল-সবুজ মেক্সিকান তরঙ্গ, কী ছিল না সাকিবের পক্ষে?প্রতিপক্ষকে যত কম রানে আটকে রাখার লক্ষ্যটাও পূরণ হলো। ২২৫ রানের বেশি করতে পারল না ইংল্যান্ড। এই কৃতিত্ব সাকিব তাঁর বোলারদের দিলেন। দুই পেসার শফিউল ইসলাম ও রুবেল হোসেন মিলে ৬ ওভারে ২৭ রান দিয়ে থাকলেন উইকেটশূন্য। তাই বলে সাকিবও অ্যান্ড্রু স্ট্রাউস আর ম্যাট প্রিয়রকে জমে যাওয়ার সুযোগ দিলেন না। সপ্তম ওভারেই বোলিং প্রান্তে বদল। আনা হলো নাঈম ইসলামকে। পরের ওভারে রুবেলের জায়গায় আবদুর রাজ্জাক এবং প্রথম বলেই উইকেট!সাকিবের এই কৌশল কাল খুবই সফল। যখনই দেখেছেন বোলারদের ব্যাটসম্যানরা পড়ে ফেলছে, তখনই মুখ বদলেছেন বোলিং প্রান্তে। সাফল্য পেয়েছেন তিনবার। রাজ্জাক প্রিয়রকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলার পর সাকিবের বোলার বদল কেড়ে নিয়েছে ইয়ান বেল ও এউইন মরগানের ‘জীবন’ও। ১৭তম ওভারে নাঈম ইসলামের জায়গায় মাহমুদউল্লাহ, ওভারের চতুর্থ বলেই বেল সাজঘরে। বেলের আউটের পর জোনাথন ট্রট-এউইন মরগানের জুটিটা ভাঙা জরুরি হয়ে পড়েছিল। সাকিবও বোলিং-তূণের মোটামুটি সব তীরই ব্যবহার করে ফেললেন। তবু বাধা যেন সরানোই যাচ্ছিল না। ৫৩ রানে ৪ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি—ইংল্যান্ড কি তবে চলে গেল নিরাপদ দূরত্বে!সাকিব পুরোনো কৌশলেই আস্থা রাখলেন। বোলিং প্রান্তে আবারও বদল। ৩৯তম ওভারে শফিউল ইসলামের জায়গায় বল হাতে নিয়ে নাঈম সফল আরও একবার। ডিপ ফাইন লেগে ইমরুল কায়েসের দুর্দান্ত এক ক্যাচে বাংলাদেশ ফিরল ম্যাচে। প্রথম ইনিংস পর্যন্ত অন্তত ম্যাচের ‘ফলাফল’ সেটাই ছিল। বাংলাদেশের বিপক্ষে ২২৫ রান করাটা নিশ্চয়ই ইংল্যান্ডেরও সর্বোচ্চ লক্ষ্য ছিল না। এই দলটির বিপক্ষে বরং আগে ব্যাট করার সুযোগ পাওয়া মানেই রানের পাহাড় গড়া! কালকের আগ পর্যন্ত দুই দলের ১৪টি লড়াইয়ে ইংল্যান্ড আগে ব্যাট করেছে মাত্র তিনবার এবং কোনোবারই এত কম রানে অলআউট হয়নি। ২০০৫ সালে নটিংহামে আগে ব্যাট করে ৪ উইকেটে করে ৩৯১ রান। গত বছর চট্টগ্রামে ৫ উইকেটে ২৮৪ এবং গত বছরই বার্মিংহামে ৭ উইকেটে ৩৪৭ রান। সেদিক দিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের বিপক্ষে বাংলাদেশের বোলাররা তো কাল জিতলই!বাংলাদেশের গেম প্ল্যানে বাড়তি চিন্তার কারণ ছিল পাওয়ার প্লের ব্যাটিং-বোলিং। কাল বোলিংটা ভালো হলো। প্রথম পাওয়ার প্লেতে ৩৭, দ্বিতীয় পাওয়ার প্লেতে ১০ আর শেষ পাওয়ার প্লেতে ৩৩ রান—ইংলিশ ব্যাটসম্যানদের নিশ্চয়ই সন্তুষ্ট করতে পারেনি এমন ব্যাটিং। অ্যান্ড্রু স্ট্রাউস চাইলে উইকেটটাকে দোষ দিতে পারেন। বল নিচু হয়ে আসছিল মাঝে-মধ্যে, স্কিড করছিল। কিন্তু বাংলাদেশের গেম প্ল্যানের কাছেও তো তাঁর দল মার খেয়েছে!