সাকিবের ছুটি মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ক্রিকেট খেলে ক্লান্ত সাকিব আল হাসান বিশ্রাম চেয়েছিলেন। ছুটি চেয়েছিলেন আসন্ন জিম্বাবুয়ে সফর থেকে। অবশেষে সেই বিশ্রাম অনুমোদন করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১২ জুন বাংলাদেশ দলের সঙ্গে জিম্বাবুয়ে যাচ্ছেন না সাকিব।ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে দুই বছর ধরে টানা খেলে যাচ্ছেন সাকিব। জিম্বাবুয়েতে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো আনঅফিসিয়াল বলে বিশ্রামের জন্য তিনি বেছে নেন এই সময়টাই। বোর্ডও বিষয়টি অনুধাবন করে সাড়া দিয়েছে তাঁর অনুরোধে। এই বিশ্রাম সাকিবকে জাতীয় দলের পরবর্তী দায়িত্বের জন্য আরও সতেজ করে তুলবে, এমন আশা প্রকাশ করা হয়েছে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে। জিম্বাবুয়ে সফরে সাকিবের বিকল্প হিসেবে যাচ্ছেন জহুরুল ইসলাম।ছুটি পেয়ে সাকিব খুশি। কোচ রিচার্ড পাইবাসের ক্লাস শেষে কাল সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্রাম পাওয়ার খবর শুনে ভালো লাগছে। এই কটা দিন ক্রিকেট নিয়ে চিন্তা করব না, কথাও বলব না। আমি বিশ্রামটা উপভোগ করতে চাই।’ জিম্বাবুয়ে সফর শেষে আগামী মাসে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। ছুটি কাটিয়ে ওই সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন সাকিব।