সাকিবের ছুটির আবেদন নিয়ে
গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ, সেটি শেষ হতে না-হতেই এসে গেল পাকিস্তান। এরপর প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিপিএল, এশিয়া কাপ, আইপিএল...সেখান থেকে ফিরেই আবার প্রিমিয়ার লিগ...।টানা নয় মাস শুধু ক্রিকেট আর ক্রিকেট। নয় মাস সময়টাকে আরও পেছনে নিয়ে গেলেও দেখা মিলবে একই রকম ব্যস্ততার। ক্লান্ত সাকিব আল হাসান একটু বিশ্রাম চাইতেই পারেন। কিন্তু সেই বিশ্রামের জন্য তিনি কিনা বেছে নিলেন এ মাসের জিম্বাবুয়ে সফরটাকে! টানা ক্রিকেট খেলে ক্লান্তির কথা চিঠি দিয়ে বিসিবি সভাপতিকে জানিয়েছেন। বলেছেন, জিম্বাবুয়ে সফরে যেতে চান না। সাকিব মনে করেন, এ সময়টা বিশ্রাম নিলে আয়ারল্যান্ড সফর এবং পরবর্তী ম্যাচগুলোয় শতভাগ ঢেলে দিতে পারবেন। তাঁর ইচ্ছাই হয়তো পূরণ হবে শেষ পর্যন্ত। কিন্তু আইপিএল, প্রিমিয়ার লিগের ক্লান্তি দূর করতে জাতীয় দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়াকে বিসিবি মোটেও ভালোভাবে নিচ্ছে না। তবে রিচার্ড পাইবাস সাকিবকে ছুটি দেওয়ার পক্ষে। এ নিয়ে বোর্ডের সঙ্গে নতুন কোচের মৃদু মতবিরোধেরও খবর পাওয়া গেছে।জানা গেছে, বিশ্রাম চেয়ে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে সাকিব চিঠিটা দিয়েছেন তিন-চার দিন আগে। সভাপতি এর আগে তাঁর অনেক আবদারে সাড়া দিয়েছেন। হয়তো সে কারণেই ক্রিকেট পরিচালনা বিভাগকে টপকে সরাসরি সভাপতির দরজায় কড়া নাড়া। কিন্তু মুস্তফা কামাল এবার সাড়া দেননি। চিঠিটা ক্রিকেট পরিচালনা বিভাগকে দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভারও ছেড়ে দিলেন তাদের ওপর। সঙ্গে টেলিফোনে কিছু প্রশ্নও নাকি জানিয়ে দিয়েছেন—ক্লান্তই যদি হবেন, প্রচণ্ড গরমে প্রিমিয়ার লিগ খেলছেন কীভাবে? বিশ্রাম নিলে প্রিমিয়ার লিগের সময়টাতেই কেন নিলেন না? সঙ্গে একরকম সিদ্ধান্তও—আইপিএল-প্রিমিয়ার লিগের ক্লান্তি দূর করতে জাতীয় দায়িত্ব এড়ানো যাবে না। সাকিবকে যেন ছুটি না দেওয়া হয়। এ ব্যাপারে জানতে কাল সন্ধ্যায় যোগাযোগের চেষ্টা করেও বিসিবি সভাপতির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।সভাপতির নির্দেশনা পেয়ে জাতীয় দলের ফিজিও-ট্রেনারকে সাকিবের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে বলে ক্রিকেট পরিচালনা বিভাগ। ফিজিও-ট্রেনারের হয়ে জবাবটা দিয়েছেন কোচ রিচার্ড পাইবাস। সূত্র জানিয়েছে, নির্বাচক কমিটি অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ পাইবাসের সঙ্গে সাকিবের ছুটির বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ২০০৮ সাল থেকে বলতে গেলে টানাই খেলছেন সাকিব। জিম্বাবুয়ে সফরের ম্যাচগুলো আনঅফিশিয়াল বলে এই সফরে তাঁর না খেলাটাকে সমস্যা মনে করছে না থিঙ্ক ট্যাঙ্ক। পাইবাস নাকি এও আশা প্রকাশ করেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী দলসংক্রান্ত তাঁর সিদ্ধান্তে বোর্ড হস্তক্ষেপ করবে না। প্রধান নির্বাচক আকরাম খান অবশ্য সাকিবের ছুটি প্রসঙ্গে কোচের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন, ‘এ নিয়ে আমাদের মধ্যে কোনো মিটিং হয়নি। সাকিব ছুটি চেয়েছে, সেটাও আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।’সূত্র জানিয়েছে, চিঠিতে শুধু ক্লান্তির কথা বললেও পরে ক্রিকেট পরিচালনা বিভাগকে টুকটাক চোটের কথাও জানিয়েছেন সাকিব। ফিজিও-ট্রেনারের রিপোর্টেও সেটা আছে। তবে বাঁ হাঁটুর পুরোনো চোট কিংবা আইপিএল খেলতে গিয়ে সৃষ্ট নতুন সমস্যার কোনোটাই বিশ্রাম দাবি করে না বলেও নাকি জানিয়েছেন তাঁরা। ফিজিও-ট্রেনার সাকিবকে বিশ্রামের পরামর্শও দেননি। তবে কাল সন্ধ্যায় বিসিবির চিকিৎসক মনিরুল আমিনের সঙ্গে অ্যাপোলো হাসপাতালে গিয়ে হাঁটুর এমআরআই করিয়েছেন সাকিব। সেটার রিপোর্ট পাওয়া যাবে আগামী শনিবার। এছাড়া কাশির সমস্যার জন্যও গিয়েছেন চিকিৎসকের কাছে।বিসিবিকে ছুটির জন্য চিঠি দেওয়ার ব্যাপারে সাকিব কোনো মন্তব্যই করতে রাজি হননি। শুধু বলেছেন, ‘আমার সব চিন্তা এখন ৮ তারিখের (আগামীকাল) ম্যাচ নিয়ে। এসব নিয়ে এরপর কথা বলব।’ সূত্র জানিয়েছে, সাকিবের ছুটির ব্যাপারে বিসিবির সিদ্ধান্তটাও জানা যাবে ৮ জুন, মানে কালই। সাকিব হয়তো সেটা জেনেই বলেছেন কথাটা। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেন সাকিবের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘শারীরিক ক্লান্তির কথা বলে সাকিব জিম্বাবুয়ে সফর থেকে ছুটি চেয়েছে। দু-এক দিনের মধ্যে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।’