ঠোঁটে ঠোঁট চেপে এমন একটা ভঙ্গি করলেন, মনে হলো মুখটা আসলেই সুপার গ্লু দিয়ে লাগানো! মিরপুরের ইনডোর স্টেডিয়ামের পেছনের পথ ঘুরে একাডেমি মাঠ পর্যন্ত পাশাপাশি হেঁটেও একটা শব্দ বের করা গেল না। কিছুই বললেন না সাকিব আল হাসান।
মুশফিকুর রহিমের বাইরে কাল বাংলাদেশ দলের মুখপাত্র হতে পারতেন এই একজনই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টেলিভিশন ক্যামেরার সামনে অশোভন ভঙ্গি করায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষ করে আজ ফিরছেন মাঠে। মাঝে বাংলাদেশ হেরে গেছে শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচটা। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচেও হেরেছে ভারত আর আফগানিস্তানের বিপক্ষে। আর কিছু না হোক, আফগান-বিপর্যয় মাঠের বাইরের সাকিবকে কতটা ব্যথিত করেছে, সেটি তো অন্তত বলতে পারতেন। কিন্তু সাকিব ‘স্পিকটি নট।’ সব কথা নাকি আজ বলবেন, ‘কাল (আজ) ম্যাচ শেষে সব বলব। মন ভালো থাকবে তো...।’
মুখে তালা লাগানো সাকিবের দু-চার শব্দে কি কোনো ‘ক্লু’ পাওয়া গেল! আজ ম্যাচ শেষে মন কথা বলার মতো ভালো থাকবে মানে কী? পাকিস্তানের বিপক্ষে কি জেতার আশা করছেন সাকিব?
শুধু সাকিব কেন, আজ গোটা বাংলাদেশই তো আছে সেই আশায়। পরিস্থিতি যা, তাতে অবশ্য দুরাশাও বলতে পারেন। সদ্য ফেলে আসা পথ যতই কণ্টকাকীর্ণ হোক, যতই অসম্ভবকে সম্ভব করার মতো চ্যালেঞ্জ হোক না কেন, আজ যে জিততেই হবে! লাইনচ্যুত সাফল্যের রেলগাড়িটাকে আবার টেনে তুলতে হবে লাইনে। টানা হারের নিদারুণ হতাশা ভোলানো এক ম্যাচ খেলে আবারও হাসাতে হবে বাংলাদেশের ক্রিকেটকে।
মুশফিকুর রহিমের সামনে এ এক বিরাট চ্যালেঞ্জ। ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়ে ক্রিকেটের ভেতর-বাহির থেকে আসা তিরে ক্রমাগত বিদ্ধ হচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। প্রশ্ন উঠছে তাঁর আগলে রাখা দলের অনেক কিছু নিয়েই। ব্যর্থতার সময় ছোটখাটো সমস্যাও নিরাবরণ কঙ্কালের মতো দেখা দেয় চোখের সামনে। এমন অনেক ‘সমস্যা’ই এখন আলোচনায়। বাংলাদেশের খেলোয়াড়দের শরীরী ভাষাও এখন বিধ্বস্ত এক জনপদের কথা মনে করিয়ে দেয়। সব মিলিয়ে মুশফিক যেন ঝড়ে পড়া এক জাহাজের দিশাহীন কাপ্তান।
কিন্তু অধিনায়ক তো! জ্বলন্ত উনুনে বসেও তাঁকে বলতে হচ্ছে, ‘পরের ম্যাচটা জিততে চাই’, ‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—তিন বিভাগেই ভালো খেললে যেকোনো কিছু সম্ভব’, ‘নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি’ ইত্যাদি। প্রতিপক্ষ পাকিস্তান বলেই কি না, কাল আনুষ্ঠানিকতা রক্ষার এই কথাগুলো বললেন একটু বেশি জোর দিয়ে। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচই হারলেও দুই ম্যাচেই জয়ের সুবাস ছড়াতে পেরেছিল বাংলাদেশ দল। এমনিতেও পাকিস্তানের বিপক্ষে জয়টা বাংলাদেশের জন্য পরম আরাধ্য হয়ে আছে। টেস্ট মর্যাদা পাওয়ার পর এই একটা দেশই অজেয় থেকে গেছে এখনো। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটন কি ফিরে আসবে মিরপুরে? সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এমন কিছু ভাবাটাকেই বাড়াবাড়ি মনে হচ্ছে। মুশফিক কিন্তু বুকে অপমান-হতাশা-ক্ষোভ নিয়েও আশাবাদের গান গাইলেন, ‘শুধু দরকার নিজেদের সেরা খেলাটা খেলা।’
মুশফিকের ঠিক বিপরীত অবস্থা মিসবাহ-উল-হকের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও পরের দুই ম্যাচে সাফল্যের ডানায় ভর করেছে তাঁর দল। শহীদ আফ্রিদির ব্যাটে সর্বশেষ ভারত ম্যাচে যে রকম রাজকীয়ভাবে জিতল পাকিস্তান, সেটা ক্রিকেট-দুনিয়া মনে রাখবে অনেক দিন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর মর্যাদার লড়াইয়ে অমন জয়ের পর উত্তুঙ্গ আত্মবিশ্বাস বইছে দলটার শিরায় শিরায়। কাল অনুশীলনে আসাটাও যে কারণে বাহুল্য মনে হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে গত পরশু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেই বলে গেছেন মিসবাহ, ‘ওদের সময়টা এখন খারাপ যাচ্ছে। নইলে নিজেদের মাঠে বাংলাদেশ খুবই ভালো দল। ফাইনালে খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
সাকিবহীন বাংলাদেশ আর সাকিবসহ বাংলাদেশ দলের পার্থক্যটাও জানা পাকিস্তান অধিনায়কের, ‘ওদের আসল খেলোয়াড় (সাকিব) গত দুটি ম্যাচে খেলেনি। সে ফেরাতে বাংলাদেশ দলের শক্তি কিছুটা হলেও বাড়বে।’
সাকিব আল হাসান খেলা মানে একের ভেতর দুই। বাঁহাতি স্পিন এবং ব্যাটিং দুটিতেই তো তাঁর দিকে প্রত্যাশাভরে তাকিয়ে থাকে বাংলাদেশ। তাকিয়ে আছেন মুশফিকও, ‘সাকিব থাকলে আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা অতিরিক্ত বোলার খেলাতে পারি। আশা করছি, ও ফেরায় আমার ওপর চাপ একটু কম হবে। আমার পর সাকিব বা নাসির থাকবে। সেদিক থেকে বলব, সাকিবের ফিরে আসাটা খুবই ভালো একটা সংবাদ।’
সুপার গ্লু দিয়ে মুখ আটকে রাখা সাকিব কি দু-চার শব্দে এই সংবাদেরই ‘ফলোআপ’ দিতে চাইলেন! পাকিস্তান ম্যাচের পর সাকিবের মন ভালো হলে মন ভালো হবে বাংলাদেশের ক্রিকেটেরই।