আবুল হাসানকে মারা নাসির জামশেদের দুর্দান্ত ছক্কা মাঠ ছাড়াল স্কয়ার লেগের ওপর দিয়ে। পাল্লেকেলে স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল একটা ঘোষণা—সুপার এইটে উঠে গেছে পাকিস্তান। মাঠে দাঁড়িয়ে সেটা দেখতে দেখতে জার্সির আস্তিনে মুখের ঘাম মুছছিলেন সাকিব আল হাসান।নিজে খারাপ করলে দল জিতলেও ভালো লাগে। নিজে ভালো করলে আর দল জিতলে লাগে সবচেয়ে ভালো। এসব সাকিবেরই কথা। কিন্তু কেমন লাগে যখন নিজে ভালো খেলেও হারতে দেখেন দলকে? ভালো লাগার কথা নয় এটাও। ছোট দলের বড় তারকা হওয়ার এই বোধ হয় সবচেয়ে বড় জ্বালা। আলোর মশাল হাতে নিয়েও নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে হয় ব্যর্থতার অন্ধকারে। ৫৪ বলে ৮৪ রানের কথা দিন শেষে কেউ বলে না।অথচ বলার কত কিছুই না আছে! টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস ওটা। পাকিস্তানের বিপক্ষে সব দেশের ব্যাটসম্যান মিলিয়েই সর্বোচ্চ ব্যক্তিগত রান। বাংলাদেশের পক্ষে ইনিংসে সবচেয়ে বেশি চারও মারলেন। এক সাকিবের হাত ধরেই কত কিছু এল। এল না শুধু জয়, বিশ্বকাপের সুপার এইটের টিকিট।ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাকিবের জন্য সহানুভূতি থাকল অধিনায়ক মুশফিকুর রহিমের। সহানুভূতি শুধু নয়, সাকিবকে বসালেন অনেক উঁচু এক সিংহাসনে, ‘সাকিব আবারও তাঁর মানটা বুঝিয়ে দিয়েছে। ও একাই ম্যাচটাকে আমাদের জন্য দারুণ জায়গায় নিয়ে গিয়েছিল। আমরা কেউ সাপোর্ট দিতে পারিনি। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। ওর সঙ্গে খেলতে পারাটাকে সৌভাগ্য মনে করি।’অধিনায়কের স্তুতিতে সাকিব কতটা সান্ত্বনা পাবেন কে জানে, তবে দেশে ফেরার বিমানে বসে কিছু হিসাব নিশ্চয়ই মেলাতে চাইবেন। ম্যাচে আর কী কী ঘটলে বাংলাদেশ জিততে পারত, কী কী না হওয়াতে সুপার এইটের আগেই ছেড়ে আসতে হচ্ছে বিশ্বকাপ। সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম যেমন মেলাতে চাইলেন, ‘আবুল হাসান ইমরান নাজিরের ক্যাচটা ধরতে পারলে হয়তো আমরা ওদের চাপে ফেলতে পারতাম। তখন ম্যাচটা অন্য রকমও হতে পারত।’ বাংলাদেশের নিয়তিই বুঝি এ-ই। ভালো খেলার পরও কোনো না কোনো অতৃপ্তি সঙ্গী হবেই।গ্রুপ পর্বে একটা ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা থাকত বাংলাদেশ দলের। দেশ ছাড়ার আগে খেলোয়াড়দের কথাবার্তা শুনে মনে হচ্ছিল, বুঝি নিউজিল্যান্ডের বিপক্ষেই সেই ম্যাচটা আশা করছে সবাই। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ মোটেও তেমন হলো না। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর অধিনায়ক স্বীকার করলেন, ‘প্রথম ম্যাচে আমরা খুব নার্ভাস ছিলাম।’ তবে কাল ব্যাটিং দেখে মনে হচ্ছিল, সেই স্নায়ুচাপ বুঝি কাটিয়ে উঠেছে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত হতাশার ক্যানভাসে ফুটে উঠল ব্যর্থতারই ছবি। পাল্লেকেলের উইকেট চমৎকার ব্যাটিং উইকেট বাংলাদেশের চেয়েও অনেক বেশি চমৎকার হলো পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য। সংবাদ সম্মেলনে মুশফিকও বলছিলেন, ‘এ ধরনের ট্রু উইকেটে আমরা অনেক দিন খেলিনি। এই কন্ডিশনে পাকিস্তান সেরা টিম। সবাই ওদের বোলিংয়ের কথা বলে, কিন্তু ব্যাটিংটাও খুব ভালো।’বিশ্বকাপে যাওয়ার আগে প্রায় দেড় ডজন প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। মুশফিক-আশরাফুলরাই বলে গেছেন, কোনো বিশ্বকাপের জন্য এটাই ছিল তাঁদের সেরা প্রস্তুতি। অমন প্রস্তুতিরও পরও গ্রুপ পর্ব থেকে বিদায় যন্ত্রণাদায়ক। তবে একটা জিনিস তো শেখা হলো—প্রস্তুতিই সব নয়। আসল পরীক্ষাটা দিতে হয় মাঠেই।টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সেরা পাঁচ ইনিংস সাকিব আল হাসান ৮৪ ২০১২ নাজিমউদ্দিন ৮১ ২০০৭ জুনায়েদ সিদ্দিক ৭১ ২০০৭ তামিম ইকবাল ৬৯* ২০১২ মোহাম্মদ আশরাফুল ৬৫ ২০১০