অবশেষে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারকে চিনল আইপিএল। গতবার নিলামে বিক্রি না-হওয়া সাকিব আল হাসানকে এবার ৪ লাখ ২৫ হাজার ডলারে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ কোটির ওপরে। এক আসরে খেলেই এই টাকা পাবেন ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রায় দুই বছর ধরে শীর্ষে থাকা বাংলাদেশ অধিনায়ক।আজ শনিবার বেঙ্গালুরুতে আইপিএলের চতুর্থ আসরের নিলামে সাকিবকে নিয়ে লড়াই হয় কলকাতা ও পুনের মধ্যে। প্রথমে ২ লাখ ডলার বেজ প্রাইস ধরে শুরু হয় সাকিবের নিলাম। এরপর ১০ হাজার ডলার করে দাম বাড়ে বাংলাদেশের অধিনায়কের। শেষ পর্যন্ত কলকাতার ডাকা ৪ লাখ ২৫ হাজারেই পড়ে নিলামকারীর হাতুড়ি। রণে ভঙ্গ দেয় পুনে। সাকিব হয়ে যান কলকাতার। সাকিবকে পেয়ে কলকাতার কর্মকর্তাদের উচ্ছ্বাসটি ছিল চোখে পড়ার মতো। সবাই একে অন্যের সঙ্গে হাতও মিলিয়েছেন সে সময়। এই কলকাতাই ২০০৯-এর নিলামে ৬ লাখ ডলারে মাশরাফি বিন মুর্তজাকে কিনে চমকে দিয়েছিল।আজকের নিলামেও কলকাতা দেখিয়েছে আরেক চমক। নতুন রেকর্ড ২৪ লাখ ডলারে তারা কিনে নিয়েছে ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ লাখ ডলারে বিক্রি হওয়া অলরাউন্ডার ইউসুফ পাঠানও কলকাতার। সমান দামে রবিন উথাপ্পা বিক্রি হয়েছেন পুনেতে। প্রথম দফায় বিক্রি হননি সৌরভ গাঙ্গুলী। ৪ লাখ ডলারের বেজ প্রাইসে তাঁর নিলাম শুরু হলেও কেউ সাড়া দেয়নি।প্রথম দিনের নিলামে তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, সৈয়দ রাসেলসহ বাংলাদেশের বাকি ১৬ ক্রিকেটারের নাম ওঠেনি। অবশ্য নিলাম চলবে কালও।