সাকিবের না-থাকাটা বড় সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার জন্য সর্বশেষ বিদেশ সফরে গিয়েছি প্রায় দুই বছর আগে। ২০১০ সালের জুলাইতে ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর হল্যান্ডে গিয়েছিলাম ওয়ানডে খেলতে। মাঝে ইনজুরির কারণে খেলা থেকেই বাইরে থাকার পর এবারের জিম্বাবুয়ে সফরই দুই বছরের মধ্যে আমার প্রথম বিদেশ সফর। ও হ্যাঁ, অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। তবে ওটা খেলার জন্য ছিল না, ছিল অস্ত্রোপচারের সফর।অনেক দিন পর দলের সঙ্গে দেশের বাইরে যাচ্ছি বলে ভালো লাগছে। আবার একটু খারাপও লাগছে। মেয়ে হুমায়রার জন্মের পর এই প্রথম বিদেশে খেলতে যাচ্ছি। প্র্যাকটিস, খেলা বাদ দিলে বাসায় ওর সঙ্গেই সময় কাটে বেশির ভাগ। ওকে অনেক মিস করব, আমার ধারণা, সে-ও মিস করবে আমাকে। বাবাকে নিশ্চয়ই এত দিনে চিনে ফেলেছে।স্ত্রী-কন্যাকে পাব না, তবে বিদেশ সফরে আমরা খেলোয়াড়েরা কিন্তু পরিবারের মতোই থাকি। দেশে খেলা হলে ছুটির দিনগুলোতে সবাই যার যার বাসায় চলে যাই। বিদেশে ওই দিনটাও সবাই একসঙ্গে কাটাই। একসঙ্গে ঘুরতে যাই। ভালো দল হতে গেলে দলের সবার মধ্যে মাঠের বাইরেও ভালো বোঝাপড়া থাকতে হয়। বিদেশ সফরে এই বোঝাপড়াটা তৈরি হয়।ইনজুরি থেকে ফেরার পর প্রথম বিদেশ সফর বলে বাড়তি কোনো টেনশন নেই। আমার অভিজ্ঞতায় ইনজুরি থেকে ফেরার পর প্রথম ম্যাচটাই হলো সমস্যা, সেটা বাইরে খেলি আর দেশে খেলি। ইনজুরি থেকে ফেরা মানে কয়েক মাস খেলায় না থাকা। এই বিরতি সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সমস্যা তৈরি করে। শুরুতেই পুরোটা দেওয়া সম্ভব হয় না। আমি অনেকবার চেষ্টা করে দেখেছি, শেষ পর্যন্ত পারিনি।মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়া। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার কন্ডিশন পুরোপুরি আলাদা। বাংলাদেশের এখনকার আবহাওয়ার সঙ্গেও যদি তুলনা করেন, আমরা অবিশ্বাস্য গরমের ভেতর থেকে অবিশ্বাস্য ঠান্ডায় গিয়ে পড়ব। এটা একটু সমস্যা তৈরি করলেও করতে পারে।আবহাওয়ার সমস্যা বাদ দিলে শুধু জিম্বাবুয়ে সফর নয়, বিশ্বকাপের আগে যা-ই খেলি, আমাদের উপকারই হবে। সবাই খেলার মধ্যে থাকবে। জিতে আসতে পারলে আত্মবিশ্বাসও অনেক ভালো হবে। বিশ্বকাপের আগে জেতার অভ্যাস গুরুত্বপূর্ণ। অধিনায়ক মুশফিকুর রহিম জিম্বাবুয়েতে ফাইনাল খেলার লক্ষ্যের কথা বলেছে। আবহাওয়া সমস্যা না করলে আমারও বিশ্বাস, ফাইনালে অনায়াসেই খেলা যায়। দলের একজন হিসেবে বলব, আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অন্তত ফাইনালে যাওয়া।বলতে পারেন, সাকিব ছাড়া সেটা কতটা সম্ভব। আমি কিন্তু সাকিবের অনুপস্থিতিটাকে সেভাবে দেখছি না। তার অনুপস্থিতি বরং দলের জন্য বিরাট একটা সুযোগ। সাকিব নেই বলে হায় হায় করার কিছু নেই। বরং সাকিবকে ছাড়া দল কী করতে পারে, এটা দেখার বড় সুযোগ হিসেবেই দেখা উচিত এই সফরটাকে। সাকিবকে ছাড়া ভালো খেলতে পারলে সে আমাদের বোনাস খেলোয়াড় হয়ে যাবে। দলের মধ্যে বিশ্বাস আসবে যে, সাকিব না থাকলেও আমরা কিছু করতে পারি। তা ছাড়া দলে অনেক তরুণ ক্রিকেটার আছে, পুরোনো অনেকে ফিরেছে। তাদের জন্যও কিছু প্রমাণ করার এটা ভালো সুযোগ।জিয়াউরকে নিয়ে এবার অনেক আলোচনা। খেলোয়াড় হিসেবে জিয়ার প্রতি আমারও শ্রদ্ধা এসে গেছে। নতুন রূপে দলে এসেছে। মূলত পেস বোলার হলেও জিয়া এখন ব্যাটিং অলরাউন্ডার। ক্যারিয়ারের মাঝামাঝি এসে এভাবে নিজেকে বদলে ফেলা খুব কঠিন। জিয়াকে অভিনন্দন। যদিও আমি শেষটার জন্য অপেক্ষা করব। কারণ, আমাদের ক্লাব ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য।টি-টোয়েন্টিতে আমরা এখনো নবীন। এই খেলায় সাহসটাই সম্বল আমাদের। তবে জিম্বাবুয়েতে সবকিছু প্রত্যাশার সঙ্গে মিলে গেলে আশা করি সমস্যা হবে না। টি-টোয়েন্টিতে জুনায়েদ খুব ভালো। মুশফিক-তামিম আছে, আশরাফুল ফিরেছে। আর প্রত্যাশা অনুযায়ী যদি জিম্বাবুয়েতে স্লো উইকেট পাই, আমাদের স্পিনাররা জ্বলে উঠবে আশা করি। পেস বোলারদের মধ্যে আমি আছি, নাজমুল আছে, আবুল হাসান আছে। বোলারদের ওভারে ৬-এর নিচে রান দেওয়ার চেষ্টা করতে হবে। দেখা যাক, কী হয়!