সাকিবের নিষেধাজ্ঞা কমানোর অনুরোধ মুশফিকেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

গতবারের রানার্সআপ হিসেবে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়েই এশিয়া কাপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে কিছুটা মিইয়েই গেছে দলের মনোবল। তার চেয়েও বড় আঘাত হয়ে এসেছে বিতর্কিত আচরণের কারণে সাকিবের নিষেধাজ্ঞা। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। নিষেধাজ্ঞা বহাল থাকলে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচেও সাকিবকে ছাড়াই খেলতে হবে মুশফিকদের। তবে দেশের স্বার্থ বিবেচনা করে সাকিবকে ক্ষমা করে দেওয়ার অনুরোধই জানিয়েছেন তাঁর সতীর্থরা। সংবাদ সম্মেলনেও সেটাই জানালেন মুশফিক, ‘বোর্ডের সিদ্ধান্ত অবশ্যই সম্মান করি। কিন্তু এখন তামিম খেলতে পারছে না। মাশরাফিও পুরোপুরি ফিট না। আমিও কিপিং করতে পারছি না। এসব জায়গা থেকেই বোর্ডকে অনুরোধ করেছিলাম।’

সাকিবের মতো অলরাউন্ডার যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও সবাইকে মনে করিয়ে দিয়েছেন মুশফিক, ‘সাকিব দলে থাকলে আমরা একজন বাড়তি বোলার বা ব্যাটসম্যানকে খেলানোর কথা চিন্তা করতে পারি।’ কিন্তু অপরিহার্যতার দোহাই দিয়ে সাকিবকে ক্ষমা করা হলে সেটা ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি করবে কি না, এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘আমরা দেশের স্বার্থ বিবেচনা করে অনুরোধটা করেছিলাম। বোর্ড যদি মনে করে যে ক্ষমা করা হলে সেটা খারাপ দৃষ্টান্ত তৈরি করতে পারে, তা হলে ঠিক আছে। আমরা সেজন্যও প্রস্তুত আছি।’

নির্বাচকেরা যে দল ঠিক করে দেবেন, সেই দল নিয়েই খেলতে হবে। এই কঠিন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া এখন আর কিছু করার দেখছেন না মুশফিকুর রহিম। প্রতিটি প্রতিযোগিতা শুরুর আগে সম্ভাব্য দল নিয়ে অধিনায়কের সঙ্গে আলাপ-আলোচনা করা হলেও এবার নাকি সে রকম কিছু করা হয়নি। এমনিতেই কিছুটা টলোমলো অবস্থার মধ্যে থাকা বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় যোগ হলো দল নির্বাচনপ্রক্রিয়া নিয়ে অধিনায়কের অসন্তুষ্টি। দল ভালো হয়েছে না খারাপ হয়েছে, এই বিতর্কে না গিয়ে খোদ নির্বাচনী প্রক্রিয়াটা নিয়েই খানিকটা উষ্মা প্রকাশ করলেন বাংলাদেশ অধিনায়ক।

এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দল নির্বাচন নিয়ে অধিনায়কের সঙ্গে একবার আলোচনা করা হবে, এটাই আশা করেছিলেন মুশফিক। কিন্তু তেমনটা নাকি ঘটেনি। আজ সংবাদ সম্মেলনে তাই কিছুটা ক্ষোভই যেন ঝরল মুশফিকের কণ্ঠে, ‘যে রকম দল নির্বাচন করা হবে তা নিয়েই খেলতে হবে। দল নির্বাচন নিয়ে অধিনায়কের কথা শোনা হবে কি হবে না, সেটা পরের কথা। কিন্তু মতামতটা অন্তত নেওয়া উচিত ছিল। ফলে আমি শকড।’

এশিয়া কাপ শুরুর ঠিক আগ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশটা কিছুটা ব্যাকফুটেই ঠেলে দিয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্স যে রকম ছিল, তেমনটাই যদি চলতে থাকে তাহলে আফগানিস্তানও বড় হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন মুশফিক, ‘আফগানিস্তান খুব অভিজ্ঞ না। কিন্তু তারা খুব ভালো দল। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে যেমন খেলেছি তেমন খেললে আফগানিস্তানও হুমকি হয়ে উঠতে পারে।’