সাকিবের পর কাউন্টিতে তামিমও
ঘর পোড়া গরু। তামিম ইকবাল তাই সিঁদুরে মেঘ দেখেই ভীত—পত্রিকায় খবর হয়ে গেলে যদি চুক্তিটা শেষ পর্যন্ত না হয়! এর আগেও তো আইপিএল-কাউন্টিতে খেলার কত সম্ভাবনা জেগেছিল! কিছুই হয়নি। কাল বিকেলে বিসিবি অফিসে সাংবাদিকেরা খবরটা জেনে গেছেন শুনে নিজে অনুরোধ করলেন, বিসিবির মিডিয়া ম্যানেজারকে দিয়েও অনুরোধ করালেন—‘প্লিজ, এখনই নিউজটা ছাপবেন না।’কী সেই ‘নিউজ’? কেন তামিমের এত ভয়? না, খারাপ কোনো খবর নয়। বরং দেশের ক্রিকেটকে আরও একটি সুসংবাদই দিলেন জাতীয় দলের সহ-অধিনায়ক। ইংলিশ কাউন্টির ডিভিশন-১-এর দল নটিংহ্যামশায়ারে খেলবেন তামিম। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।চুক্তি হওয়ার আগে সেটি প্রকাশে বারণ থাকাতেই তামিম খবরটা না ছাপানোর অনুরোধ করেছিলেন। পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ প্রত্যাহার করে নিলেন। দিলেন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, ‘সব সময়ই ইচ্ছা ছিল কাউন্টিতে খেলব। সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে বলে খুশি। মনে মনে ঠিক করেছিলাম, কাউন্টি থেকে অফার এলে টাকা-পয়সা নিয়ে কোনো কথাই বলব না। যা অফার আসে তাতেই খেলব।’ নটিংহ্যামও পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তামিকে নেওয়ার খবর।২৬ জুনের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য চলে যাবেন নটিংহ্যামের অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড হাসি। তামিম খেলবেন তাঁর পরিবর্তক হিসেবে। এখনো চুক্তি না হলেও সেটা কেবলই আনুষ্ঠানিকতা বলে ২৯ জুন ইংল্যান্ডের বিমানে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তামিম। কাল পেয়ে গেছেন বিসিবির অনাপত্তিপত্রও। আপাতত চুক্তিটা হবে চলতি মৌসুমের টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য। ১ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ৬টি ম্যাচ পাবেন তামিম। এর মধ্যে আছে সাকিব আল হাসানের দল উস্টারশায়ারের বিপক্ষে দুটি ম্যাচও।এর আগেও তামিমের অন্য দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার সম্ভাবনা জেগেছিল। কাউন্টিতে হতে হতে হয়নি। আর আইপিএলে সুযোগ না পাওয়াটা তো বাংলাদেশের ক্রিকেটামোদীদের কাছে একটা রহস্যই। নটিংহ্যামশায়ারে খেলার সুযোগ সেসব হতাশা দূর করে দিয়েছে বাঁহাতি এই ওপেনারের, ‘যখন ভালো খেলিনি, তখন এটা নিয়ে ভাবিনি। কিন্তু বছর দেড়েক ধরে আমি ধারাবাহিকভাবে ভালো খেলেছি। তার পরও কোথাও থেকে ডাক না আসাটা হতাশাজনক ছিল।’এই হতাশা তামিম আরও বেশি করে ভুলে যেতে পারেন দলটা নটিংহ্যামশায়ার বলে। গত ১ জুন থেকে শুরু ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নর্থ গ্রুপের শীর্ষ দল নটিংহ্যাম। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাকিবের দল উস্টার আছে চতুর্থ স্থানে।টি-টোয়েন্টিতে নটিংহ্যামের অধিনায়ক অ্যাডাম ভোজেস, কোচ মিক নিওয়েল। কোচের নামটা তামিমেরও পরিচিত হওয়ার কথা, কারণ বাংলাদেশের সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এই ব্রিটিশও। তামিমকে পেয়ে যথেষ্টই খুশি নিওয়েল, ‘অল্প সময়ের মধ্যে ভালো কাউকে পরিবর্তক হিসেবে পাওয়া সব সময়ই চ্যালেঞ্জ। তবে তামিমের মতো একজনের সঙ্গে চুক্তি করে আমরা খুবই খুশি। দারুণ খেলোয়াড়, আন্তর্জাতিক ক্রিকেটে অল্প বয়সেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ওর টেস্ট ক্যারিয়ারটাও যে দীর্ঘ হবে, এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে সেটিও।