চাপের মুখে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেছিলেন।মিরপুরেও বাংলাদেশি বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন ওয়াটলিং।ছবি: প্রথম আলো
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেছিলেন।মিরপুরেও বাংলাদেশি বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন ওয়াটলিং।ছবি: প্রথম আলো

উইলিয়ামসন আর অ্যান্ডারসনের পঞ্চম উইকেট জুটিতে ১৪০ রান। নবম উইকেটে ওয়াটলিং-সোধির অবিচ্ছিন্ন জুটিতে ৮৪ রান। এই দুটি জুটিই দিনের বেশির ভাগ সময় হতাশা দিয়ে গেল বাংলাদেশকে। সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকারের আনন্দটা ফিকে হয়ে যাচ্ছে ম্যাচের লাগাম নিউজিল্যান্ড শক্তভাবে মুঠোবন্দী করে ফেলায়।
মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৪১৯ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ১৩৭ রানে এগিয়ে সফরকারীরা। ওয়াটলিং ৫৯ ও ইশ সোধি ৫৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পথের মাঝে ‘কাঁটা’ হয়ে আছেন এই দুই ব্যাটসম্যান। আদতে উইকেটরক্ষক ওয়াটলিংকে তবু ব্যাটসম্যান বলা চলে। কিন্তু সোধি? ৬৭ বলের ইনিংসটায় সাতটি চার মেরে সেই সোধিই যেন পুরোদস্তুর ব্যাটসম্যান বনে গেলেন আজ!
বাংলাদেশ অস্বস্তিতে পড়ে পঞ্চম উইকেটে উইলিয়ামসন-অ্যান্ডারসন জুটিতে। মধ্যাহ্নবিরতির পরে আবদুর রাজ্জাকের বলে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে তামিম ইকবালের ক্যাচে পরিণত হন ব্যক্তিগত ৬২ রানে থাকা উইলিয়ামসন। ক্যাচটা কঠিন ছিল। দারুণ এই ক্যাচটি ধরে উইকেটটির সিংহভাগ কৃতিত্বেই ভাগ বসিয়েছেন তামিম।
উইলিয়ামসন ফিরে গেলেও উইকেটে তখনো ছিলেন সেঞ্চুরিয়ান অ্যান্ডারসন। তিনি বিদায় নেন ২০০ মিনিট উইকেটে থেকে, ১৭৩ বলের মুখোমুখি হয়ে। ১৩টি চার আর ২টি ছয়ে সাজানো তাঁর ১১৬ রানের ইনিংসটির কল্যাণেই মূলত প্রথম ইনিংসে এগিয়ে যায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন-অ্যান্ডারসনে বিদায়ের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ।

৩৩৫ রানে অষ্টম উইকেট পড়েছিল নিউজিল্যান্ডের। লিডটা ছিল নাগালের মধ্যেই। নিউজিল্যান্ড এগিয়ে ছিল মাত্র ৫৩ রানে। শেষ দুটো উইকেটে আর কত করবে সফরকারীরা!

কিন্তু নবম উইকেটে প্রতিরোধের দেয়াল তুলে হেসেখেলেই চার শর মাইলফলকটা পার করে দিয়েছেন ওয়াটলিং ও সোধি। এই দুই ব্যাটসম্যানকে নিয়েই এখন যত শঙ্কা বাংলাদেশের।

ম্যাচের প্রথম দুটো দিনের বড় অংশ বৃষ্টিতে ভেসে গেলেও ভীষণ চাপের মুখে আছে বাংলাদেশ। নিউজিল্যান্ড ১৭০-১৮০ রানের লিড নিয়ে ফেললে বিপদই অপেক্ষা করবে বাংলাদেশের জন্য!

বাংলাদেশ-নিউজিল্যান্ড মিরপুর টেস্ট এবং ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে