সাকিবের ফেরার দিনে তামিম-ঝড়

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ অনেকেরই নজর ছিল সাকিব আল হাসানের ওপর। আঙুলের চোট সারিয়ে আজই ক্লাব ক্রিকেটে ফিরেছেন দেশসেরা এই অলরাউন্ডার। কিন্তু সাকিবের ফেরার দিনে পুরো স্পটলাইটটাই নিজের ওপর নিয়ে নিলেন তামিম ইকবাল। তাঁরই ঝোড়ো ব্যাটিংয়ের কল্যাণে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে ৯ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। কলাবাগান অ্যাকাডেমির জিম্বাবুইয়ান ক্রিকেটার সিকান্দার রাজার এক ওভারে চারটি ছয়ের মার মেরে দর্শকদের দারুণ আনন্দ দেন তিনি। ওই একই ওভারে তিনি দুটো চারও মারেন। সিকান্দার রাজার এক ওভারেই তামিম তুলে নেন ৩২ রান। একটি ওয়াইডসহ সিকান্দার রাজা ওই ওভারে দেন মোট ৩৩ রান।
দিনের অন্য খেলায় সাকিবের দল কলাবাগান ক্রীড়াচক্র ১১৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। ব্যাট হাতে অবশ্য সাকিব কিছুই করতে পারেননি। মাত্র ৬ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ৬ ওভার হাত ঘোরালেও উইকেটশূন্যই ছিলেন এই তারকা ক্রিকেটার।
জয়ের জন্য কলাবাগান অ্যাকাডেমির ছুড়ে দেওয়া ১৪৯ রানের লক্ষ্যটা ব্রাদার্স পেরিয়ে গেছে মাত্র ২২.৩ ওভারে। হারিয়েছে একটি উইকেট। ৯৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন তামিম। বড় ভাই নাফিস ইকবাল অপরাজিত ছিলেন ৩৬ রানে।
বৃষ্টির কারণে বিকেএসপিতে কলাবাগান ক্রীড়াচক্র ও খেলাঘরের মধ্যকার খেলাটির দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছিল ৩১ ওভারে। টসে হেরে ব্যাট করতে নেমে মিথুন আলীর ৭৮, জিহান মুবারকের ৬৯ ও চামারা কাপুগেদারার ৫৮ রানের ইনিংসগুলোতে ভর করে ২৪৮ রান সংগ্রহ করে কলাবাগান। জবাবে ব্যাট করতে নেমে খেলাঘরের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৩২ রানে।