সাকিবের বিদায়ে বিস্মিত স্টুয়ার্ট ল
জিম্বাবুয়ে সফরে দলের বাজে পারফরমেন্সের পর দেশে ফিরেই সাকিব আল হাসান ও তামিম ইকবালকে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সিদ্ধান্তে কিছুটা বিস্ময়ই প্রকাশ করেছেন কোচ স্টুয়ার্ট ল। ব্যাপারটি নিয়ে তাঁর সঙ্গে আলোচনাও করা হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে শুধুই জিম্বাবুয়ে সফরের ব্যর্থতা না, সাকিবের অধিনায়কত্ব হারানোর পেছনে আরও অনেক কিছু কাজ করেছে বলে অনুমান করছেন বাংলাদেশ কোচ।আজ সাংবাদিকদেরও সঙ্গে আলাপকালে স্টুয়ার্ট ল বলেছেন, ‘আমি খুবই অবাক হয়েছি। সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ড নিয়েছে, তাই এ ব্যাপারে কিছুই বলার নেই। এ সিদ্ধান্তটা নেওয়ার সময় আমি ছুটিতে ছিলাম। তাই তারা হয়তো ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে আলাপ করার সুযোগ পায়নি। তবে শুধুই জিম্বাবুয়ে সফরের ব্যর্থতার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই মনে হয় আমার। অন্য আরও অনেক ব্যাপারও এর পেছনে কাজ করেছে।’শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিব ও তামিমকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ অভিযোগ একেবারেই মানতে পারছেন না স্টুয়ার্ট ল। সাকিব-তামিম দুজনেই খুব শৃঙ্খলাপরায়ণ বলেই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দলের অন্য খেলোয়াড়দের সমর্থনও তাঁদের পেছনে ছিল বলে মনে করেন বাংলাদেশের কোচ। তিনি বলেছেন, ‘সাংবাদিকদের যা বলা হয়েছে বা যা রিপোর্ট করা হয়েছে, সেগুলো সত্য থেকে অনেক দূরে আছে। আমি যত দূর দেখেছি, তাতে সাকিব-তামিমকে আমার খুবই শৃঙ্খলাপরায়ণ বলেই মনে হয়েছে। দলের অন্য খেলোয়াড়েরাও তাদের শ্রদ্ধা করত।’ ক্রিকইনফো।