সব করাত চলেছে ভিক্টোরিয়ার ওপর দিয়ে। ম্যাচ রেফারির দেওয়া ২ পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে। নিবন্ধন বিতর্কিত বলে খেলতে দেওয়া হয়নি মোহাম্মদ ইউসুফকে। পরিবর্তক হিসেবে আনতে দেওয়া হচ্ছে না নতুন বিদেশিও। এত সব বিসর্জনের পরও আসল জায়গায় জয়ী দলের নাম ঠিকই ভিক্টোরিয়া! খেলাধুলায় মাঠের বাইরের বাহুবল কিছুই না, মাঠের জয়-পরাজয়টাই আসল—আবারও তা প্রমাণিত।মিরপুরের ২৮ মার্চের বিতর্কিত ম্যাচ কাল নতুন করে হলো ফতুল্লা স্টেডিয়ামে। সেদিন পুরো ম্যাচ হলে আবাহনীরই হারের সম্ভাবনা ছিল বেশি। কালও তারাই হারল ৫ উইকেটে। তবে কিছুটা ‘উন্নতি’ হয়েছে আবাহনীর। সেদিন করেছিল ১৭৭ রান, কাল ১৯২। ভিক্টোরিয়া যদিও হেসেখেলে সেটা টপকে গেছে ৪০.১ ওভারেই। ভিক্টোরিয়ার গভর্নিং বডির প্রধান লুৎফর রহমান তবু জয়টাকে ‘প্রতিশোধ’ বলতে রাজি নন। তবে ‘ন্যায়বিচার’ পাওয়ায় ধন্যবাদ দিয়েছেন সৃষ্টিকর্তাকে, ‘জয়ের দিনে প্রতিশোধের কথা বলব না। আমরা আনন্দিত, এটা ন্যাচারাল জাস্টিস। আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, যে বৈরীভাব দেখানো হয়েছে, ওপরওয়ালা আমাদের মাধ্যমেই বোর্ড এবং কর্মকর্তাদের সেটার জবাব দিয়েছেন।’বাড়তি বিদেশির দাবিতে ম্যাচটা ‘অন প্রটেস্ট’ খেললেও ভিক্টোরিয়ার কাল ছিল আইপিএল-ফেরত সাকিব-তামিম। যথারীতি আক্রমণাত্মক ওপেনার তামিমের ব্যাট। কিন্তু তা বেশিক্ষণ চলল না। ১৭ বলে চার বাউন্ডারিতে ২১ রান করে বোল্ড ইলিয়াস সানির বলে।৮০ রানে ৩ উইকেট পড়ার পর একটু চাপ ছিল। চতুর্থ উইকেটে জহুরুলের (৩১) সঙ্গে ৫২ রানের জুটিতে সেটি উড়িয়ে দিল সাকিবের ব্যাট। ৫৭ বলে ৫৮ করে সাকিব যখন সানির বলে মিড উইকেটে ফরহাদ রেজার ক্যাচ হলেন, জয় থেকে মাত্রই ১২ রান দূরে ভিক্টোরিয়া। মাথায় কেকেআরের হেলমেট, আইপিএলের ঔজ্জ্বল্যও ধরে রেখেছেন ব্যাটে। দুই বাউন্ডারির সঙ্গে রিয়াদ আর মার্শাল আইয়ুবকে দারুণ দুটি ছক্কা মেরেছেন। তবে একেবারে নিখুঁত ছিল না সাকিবের ইনিংস। ২৫ রানে ফরহাদের বলে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন সাকলাইন সজীবের পিচ্ছিল হাতের সৌজন্যে।আবাহনীর ইনিংসে হাইলাইট মার্শাল আইয়ুবের ৬৬ রানের ইনিংসটাই। ৪৬ রানে ৩ উইকেট পড়ার পর অধিনায়ক মাহমুদউল্লাহর (৩০) সঙ্গে তাঁর ৫৮ রানের জুটি না দাঁড়ালে ১৯২-ও কঠিন হতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। আবাহনীকে অল্প রানে বেঁধে ফেলার কৃতিত্ব ভাগ করে দিতে হবে ভিক্টোরিয়ার প্রায় সব বোলারকেই। ২ উইকেট করে পেয়েছেন চারজন। এর মধ্যে ২৬ রানে ২ উইকেট নিয়ে নিজেকে ঠিকই আলাদা করেছেন সাকিব।বাংলাদেশের ক্রিকেটের এযাবৎকালের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিবকে আলাদা হতেই হবে। ম্যাচ শেষে যখন ঘুরেফিরে ইউসুফের ছাড়পত্র-সংক্রান্ত বিতর্ক আর দুই মাস লিগ বন্ধ থাকার প্রসঙ্গটি আসছিল, সাকিবই যেন দাঁড়ি টানতে চাইলেন সেটার, ‘এগুলো বেশি আলোচনা করার বিষয় নয়। যেটা হয়ে গেছে। আমাদের জন্য এই ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ ছিল। সেটা আমরা করেছি।’তবে ইউসুফ-সমস্যার সমাধানও চেয়েছেন তিনি, ‘মোহাম্মদ ইউসুফের রেজিস্ট্রেশন বৈধ হলে তাকে খেলতে দেওয়া উচিত। আর যদি বৈধ না-ই হয়ে থাকে তাহলে এমন কিছু করা উচিত যেন ভিক্টোরিয়া আরেকজন খেলোয়াড় নিতে পারে। জানি না সিদ্ধান্ত নিতে এত দেরি হচ্ছে কেন।’প্রিমিয়ার লিগে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা হয় না। তবে ভিক্টোরিয়া প্রতি ম্যাচেই দলের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করে ১ লাখ টাকা পুরস্কার দিচ্ছে। কাল সেই পুরস্কার উঠল সাকিবের হাতে। তবে ১ লাখ টাকার চেক নয়, সাকিব আল হাসানের দৃষ্টিটা সুদূরে, ‘প্রিমিয়ার লিগে কখনো চ্যাম্পিয়ন হইনি। আমি নিজে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডেসপারেট।’সংক্ষিপ্ত স্কোরআবাহনী: ৪৯.২ ওভারে ১৯২ (মার্শাল ৬৬, মাহমুদউল্লাহ ৩০, ফজলে রাব্বী ২৪, ফরহাদ রেজা ২১, উদওয়াত্তে ১৮; সাকিব ২/২৬, আল আমিন ২/৩০, আবদুল্লাহ ২/৩২, মোশাররফ ২/৪০, শরীফউল্লাহ ১/৪১)। ভিক্টোরিয়া: ৪০.১ ওভারে ১৯৫/৫ (সাকিব ৫৮, জহুরুল ৩১, সৈকত ২৬, সৌম্য ২২, তামিম ২১, সাব্বির ১৯*; মাহমুদউল্লাহ ২/৪৭, ইলিয়াস ২/৫৬, সাকলাইন ১/২৪)। ফল: ভিক্টোরিয়া ৫ উইকেটে জয়ী।