সাকিবের মিশন-আইপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মৌসুম বিরতির পর আবার শুরু হচ্ছে সাকিব আল হাসানের আইপিএল অভিযান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে আজ সকাল সাড়ে আটটায় আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশের অলরাউন্ডারের।

১৬ এপ্রিল সাকিবের কেকেআর ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের লড়াই দিয়েই পর্দা উঠছে আইপিএলের সপ্তম আসরের। ভারতের জাতীয় নির্বাচনের কারণে এবারের আইপিএলের প্রথম ভাগ হবে আরব আমিরাতে। ৩০ এপ্রিল পর্যন্ত ২০টি ম্যাচ আবুধাবি, দুবাই ও শারজায়। ২ মে রাঁচিতে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আবার আইপিএল ফিরবে ভারতে। ফাইনাল ১ জুন মুম্বাইয়ে।

চোট ও বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর মিলিয়ে গত আইপিএলে খেলা হয়নি সাকিবের। তাঁর দল কেকেআরও নয় দলের টুর্নামেন্টে হয়েছিল সপ্তম। ২০১২ সালের টুর্নামেন্টে কেকেআরের শিরোপা জয়ে বড় অবদান রাখেন সাকিব। ৮ ম্যাচে সেবার ১২ উইকেট পেয়েছেন, ভারতের ব্যাটিংবান্ধব উইকেটেও ওভারপ্রতি রান দিয়েছিলেন মাত্র ৬.৫০। ব্যাট হাতে কোনো ফিফটি না পেলেও খেলেছেন বেশ কটি গুরুত্বপূর্ণ ইনিংস। ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন পুনে ওয়ারিয়র্স ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুটি ম্যাচে।

আগের বছর আইপিএলে নিজের প্রথম মৌসুমে সাকিব খেলেছিলেন ৭টি ম্যাচ। সেবার উইকেট ছিল ১১টি, ওভারপ্রতি রান দিয়েছিলেন ৮.৮৬। এর বাইরে কেকেআরের হয়ে চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটেও দুই মৌসুমে খেলেছেন ৬টি ম্যাচ। সব মিলিয়ে কেকেআরের হয়ে সাকিবের উইকেট ২১ ম্যাচে ২৪টি, ওভারপ্রতি রান ৬.৭৬। ব্যাট হাতে অবশ্য ততটা সফল হতে পারেননি, ১৪ ইনিংসে রান ১৬৫, সর্বোচ্চ ৪২। তবে এটাও মনে করিয়ে দেওয়া প্রয়োজন, তারকাময় দলে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগও পাননি সাকিব। মাত্র ১৪ ইনিংস ব্যাটিং করাই সেটির প্রমাণ। এই ইনিংসগুলোতেও আবার বেশির ভাগ সময় নেমেছেন শেষের দিকে।

চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সাকিবের অবদানের কথা ভেবেই হয়তো এবারের নিলামেও তাঁকে নিতে মরিয়া ছিল কেকেআর। বাংলাদেশে জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য তো ছিলই। আরও দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াই করে তাই শেষ পর্যন্ত ২ কোটি ৮০ লাখ ভারতীয় রুপিতে সাকিবকে নিতে পেরেছে শাহরুখ খানের দল। জাতীয় দলের খেলা না থাকায় এবার পুরো আইপিএলেই থাকছেন সাকিব।

আইপিএল মিশনের আগে বিশ্বকাপ ফাইনালের দিন সাকিব দেখা করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসানের সঙ্গে। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারের ব্যাখ্যা চেয়ে বোর্ডের পাঠানো চিঠি নিয়ে কথা বলেছেন সাকিব। লিখিত জবাবও দিয়ে দেওয়ার কথা এর মধ্যেই। বোর্ডের এক সূত্র জানিয়েছে, সাকিবের ব্যাখ্যায় সন্তুষ্ট বিসিবি প্রধান।