সাকিবের মুম্বাই অভিযান
সাকিব আল হাসানের ক্রিকেট খেলা তো দেখেছেন। ‘কুতকুত’ খেলা কি দেখেছেন? টেলিভিশনে চোখ রাখুন। যেকোনো সময় দেখবেন সাকিব ‘কুতকুত’ খেলছেন!সাকিবের ‘কুতকুত’ খেলার দৃশ্য আসলে দেখা যাবে পেপসির একটি বিজ্ঞাপনে। ভারতের মুম্বাইয়ে এই বিজ্ঞাপনের শুটিং করে কাল দেশে ফিরেছেন সাকিব। সঙ্গে ২০১১ বিশ্বকাপের প্রচারণামূলক একটা বিজ্ঞাপনের শুটিংও করেছেন। যাতে বিশ্বকাপে ভালো খেলার প্রতিজ্ঞার কথা জানিয়ে বাংলাদেশের মানুষকে মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বকাপের আর দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার হয়ে শচীন টেন্ডুলকার ও মুত্তিয়া মুরালিধরনও করেছেন একই ধরনের বিজ্ঞাপন।আইসিসির বিজ্ঞাপনে কয়েক শব্দ কথা বলা ছাড়া আর কিছু করার ছিল না সাকিবের। তবে পেপসির বিজ্ঞাপনে ‘কুতকুত’ খেলে দারুণ মজা পেয়েছেন, ‘খুবই মজার বিজ্ঞাপন। দেখে আপনারাও মজা পাবেন। কুতকুত খেলার একপর্যায়ে আমি চাড়াটা তুলে উল্টো দিকে মারি। তখন একটা মেয়ে আমার হাতে একটা পেপসি দিয়ে বলে, ক্রিকেটেও এটা কাজে লাগাতে হবে। এরপর দেখানো হবে আমি যে স্কুপ শটটা মারি ওটা। ওরা এটার নাম দিয়েছে “সুপার স্কুপ”।’ভিন্ন প্রসঙ্গে আলাপে জিম্বাবুয়ের বিপক্ষে সহ-অধিনায়ক হতে আপত্তি জানিয়েছেন বলে যে গুঞ্জন, সেটিও উড়িয়ে দিলেন সাকিব, ‘আমি কখনোই বিসিবি বা কাউকে বলিনি যে আমি সহ-অধিনায়ক হতে রাজি নই। বোর্ড আমাকে প্রস্তাব দিলে তারপর ভেবে দেখব।’